৩৯ ক্রিকেটার নিয়ে নতুন টুর্নামেন্ট আয়োজন বিসিবির
খেলা ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৩
নতুন ঘরোয়া টুর্নামেন্টের ঘোষণা দিতেই দ্রুত সময়ের মধ্যেই তিন দলের পূর্ণাঙ্গ স্কোয়াড প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে তিন দলে ভাগ হয়ে খেলবেন মোট ৩৯ জন ক্রিকেটার, প্রতিটি দলে থাকছেন ১৩ জন করে।
লিটন কুমার দাসের নেতৃত্বে গড়া হয়েছে ধুমকেতু একাদশ। এই দলটি কার্যত জাতীয় দলের ছায়া স্কোয়াড। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডের মধ্যে ১৩ জনই জায়গা পেয়েছেন ধুমকেতুতে। তাই দলটিকে ‘আনঅফিসিয়াল জাতীয় দল’ বলাই চলে।
দুর্বার একাদশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই দলে রয়েছেন বিশ্বকাপ স্কোয়াডের সদস্য সাইফ উদ্দিন ও নুরুল হাসান সোহানসহ সাম্প্রতিক সময়ে জাতীয় দলে খেলা ক্রিকেটাররা। মোহাম্মদ নাঈম শেখের নামও আলোচনায় ছিল, তবে ওমরাহ পালনের জন্য এই টুর্নামেন্টে নেই তিনি।
তরুণ ও সম্ভাবনাময় ক্রিকেটারদের নিয়ে সাজানো হয়েছে আকবর আলির নেতৃত্বাধীন দুরন্ত একাদশ। চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা চার ক্রিকেটারসহ সাম্প্রতিক সময়ে প্রতিভার ঝলক দেখানো তরুণদের সুযোগ দিয়েছে বিসিবি এই দলে।

তিন দলের কোচিং প্যানেলও চূড়ান্ত করেছে বোর্ড। ধুমকেতু একাদশের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দীন, সহকারী হিসেবে থাকছেন মোহাম্মদ আশরাফুল। দুর্বার একাদশের দায়িত্বে মিজানুর রহমান বাবুল, ডেপুটি কোচ তুষার ইমরান। আর দুরন্ত একাদশের কোচ বিপিএলজয়ী হান্নান সরকার, তার সহকারী রাজিন সালেহ।
আইপিএলের আদলে অদম্য কাপে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম চালুর কথাও জানিয়েছে বিসিবি। প্রতিদিন ম্যাচ শুরুর আগে বিকেল ৪টায় থাকবে সাংস্কৃতিক আয়োজন, আর সন্ধ্যা ৬টা থেকে গড়াবে মাঠের লড়াই।
আগামী ৫ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ধুমকেতু ও দুরন্ত। ৬ ফেব্রুয়ারি খেলবে ধুমকেতু ও দুর্বার। প্রথম পর্বের শেষ ম্যাচে ৭ ফেব্রুয়ারি লড়বে দুর্বার ও দুরন্ত। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলকে নিয়ে ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল।
মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট মাঠে বসে উপভোগ করতে দর্শকদের গুনতে হবে সর্বনিম্ন ১০০ থেকে সর্বোচ্চ ১ হাজার টাকা। প্রাইজমানি ও আনুষঙ্গিক ব্যয় মিলিয়ে টুর্নামেন্টটির মোট আর্থিক মূল্য ধরা হয়েছে প্রায় আড়াই কোটি টাকা।
ধুমকেতু একাদশ
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম
দুর্বার একাদশ
হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন ধ্রুব, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকের আলি অনিক, মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভির ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, সাইফ উদ্দিন, সৈয়দ খালেদ আহমেদ, আল ফাহাদ
দুরন্ত একাদশ
জিসান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, আকবর আলি (অধিনায়ক), আজিজুল হাকিম তামিম, রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহেরব হাসান, রকিবুল হাসান, নাহিদ রানা, ইকবাল হোসেন ইমন
এমআই