Advertisement
Us Bangla Airlines
সিকান্দারকে হটিয়ে ‘র‌্যাঙ্কিংয়ের রাজা’ সাইম আইয়ুব

সিকান্দারকে হটিয়ে ‘র‌্যাঙ্কিংয়ের রাজা’ সাইম আইয়ুব

খেলা ডেস্ক

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১৪

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর ক্ষণগণনা যখন প্রায় শেষ, ঠিক তখনই র‌্যাঙ্কিংয়ের সিংহাসনে আবারও নিজের নাম খোদাই করলেন সাইম আইয়ুব। অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে পারফরম্যান্সে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছেন পাকিস্তানের এই তারকা। সিকান্দার রাজাকে হটিয়ে আবারও তিনি হয়ে ওঠেছেন ‘র‌্যাঙ্কিংয়ের রাজা’।

আইসিসি বুধবার প্রকাশ করেছে পুরুষ ক্রিকেটের সাপ্তাহিক হালনাগাদ র‌্যাঙ্কিং। সেখানে এক ধাপ পিছিয়ে দ্বিতীয় স্থানে নেমেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। আর শীর্ষস্থানে জায়গা করে নিয়েছেন সাইম আইয়ুব। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া তিন ম্যাচের সিরিজে দুর্দান্ত পারফর্ম করে শীর্ষে ওঠেছেন এই ওপেনার।

টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান ক্রিকেট দল। যেখানে শেষ ম্যাচে ঝড়ো ফিফটিসহ সিরিজজুড়ে তার ব্যাট থেকে এসেছে ১১৯ রান। সঙ্গে বল হাতে নিয়েছেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। এই অলরাউন্ড নৈপুণ্যই তাকে ফিরিয়ে দিয়েছে র‌্যাঙ্কিংয়ের চূড়ায়।

এর আগেও একবার এই মুকুট পরেছিলেন সাইম। গত বছরের ১ অক্টোবর প্রথমবার টি-টোয়েন্টি অলরাউন্ডারদের শীর্ষে উঠেছিলেন তিনি। তবে চলতি বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে নাজুক পারফরম্যান্সে সিংহাসন হাতছাড়া হয় তার। অপেক্ষা অবশ্য দীর্ঘ হয়নি, কয়েক মাসের ব্যবধানে আবারও চূড়ায় ফিরেছেন তিনি।

র‌্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে আগের মতোই আছেন ভারতের হার্দিক পান্ডিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে পাঁচ উইকেটসহ পুরো সিরিজে সাত শিকার করা মোহাম্মদ নাওয়াজ এক ধাপ এগিয়ে উঠে এসেছেন চতুর্থ স্থানে। নাওয়াজের উন্নতি চোখে পড়েছে বোলারদের র‌্যাঙ্কিংয়েও। আট ধাপ লাফিয়ে তিনি উঠে এসেছেন সপ্তম স্থানে। 

ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়েও সুখবর আছে পাকিস্তানের জন্য। আট ধাপ এগিয়ে শ্রীলঙ্কার কামিল মিশরার সঙ্গে যৌথভাবে ২৭ নম্বরে উঠে এসেছেন সাইম আইয়ুব।

এমআই