Advertisement
Us Bangla Airlines
বিসিবির নতুন টুর্নামেন্ট খেলে কত টাকা পাবেন ক্রিকেটাররা?

বিসিবির নতুন টুর্নামেন্ট খেলে কত টাকা পাবেন ক্রিকেটাররা?

খেলা ডেস্ক

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০১

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে না নামলেও বসে থাকতে হচ্ছে না বাংলাদেশের ক্রিকেটারদের। বিশ্বকাপ সময়জুড়েই মাঠে গড়াচ্ছে নতুন ঘরোয়া প্রতিযোগিতা—‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’। আর এই টুর্নামেন্টে অংশ নিয়ে ক্রিকেটারদের পকেটেও ঢুকছে মোটা অঙ্কের অর্থ।

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না থাকায় খেলোয়াড়রা যাতে আর্থিক ক্ষতির মুখে না পড়েন, সেই ভাবনা থেকেই টুর্নামেন্টটির আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৫ ফেব্রুয়ারি শুরু হওয়া এই প্রতিযোগিতায় লড়বে তিন দল। লিটন দাসের ধূমকেতু, নাজমুল হোসেন শান্তর দুর্বার এবং আকবর আলীর নেতৃত্বাধীন দুরন্ত একাদশ।

ক্রিকেটারদের ম্যাচ ফি ও প্রাইজমানি মিলিয়ে এই টুর্নামেন্টে বিসিবির মোট ব্যয় ২ কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকা। এর মধ্যে চ্যাম্পিয়ন দল পাবে ১ কোটি টাকা প্রাইজমানি, আর রানার্সআপ দলের জন্য বরাদ্দ ৪০ লাখ টাকা। প্রথম পর্বে দুটি ম্যাচ জিতলেই ক্রিকেটাররা পাবেন ২ লাখ টাকা করে।

ছবি: খেলা ডট কম

 

শুধু দলগত সাফল্য নয়, ব্যক্তিগত নৈপুণ্যের জন্যও রয়েছে আকর্ষণীয় পুরস্কার। প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়কে দেওয়া হবে ১ লাখ টাকা। টুর্নামেন্টসেরা ক্রিকেটারের জন্য থাকছে ৫ লাখ টাকা পুরস্কার। সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেটশিকারি পাবেন ৩ লাখ টাকা করে।

সবমিলিয়ে, চ্যাম্পিয়ন দলের একজন সদস্য ক্রিকেটার অন্তত ৭ লাখ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। আর রানার্সআপ দলের ক্রিকেটারদের ন্যূনতম আয় দাঁড়াবে ৪ লাখ টাকা। টুর্নামেন্টের সব ম্যাচই অনুষ্ঠিত হবে সন্ধ্যা ছয়টায়। দর্শকদের জন্যও রয়েছে বিশেষ সুযোগ, শিক্ষার্থীরা আইডি কার্ড দেখিয়ে বিনামূল্যে মাঠে বসে খেলা উপভোগ করতে পারবেন।

এমআই