Advertisement
Us Bangla Airlines
ভারতে গিয়ে ভাইরাসে আক্রান্ত দুই কিউই ক্রিকেটার

ভারতে গিয়ে ভাইরাসে আক্রান্ত দুই কিউই ক্রিকেটার

খেলা ডেস্ক

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৫

বিশ্বকাপের আগে দুশ্চিন্তা পিছু ছাড়ছে না নিউজিল্যান্ড শিবিরের। ভারতে গিয়ে ভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই কিউই ক্রিকেটার রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে। ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে এই অসুস্থতা বড় ধাক্কা হয়ে এসেছে ব্ল্যাক ক্যাপসদের জন্য। ভাইরাসজনিত সংক্রমণে ভোগায় প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে পারছেন না তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন নিউজিল্যান্ড দলের প্রধান কোচ রব ওয়াল্টার। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে এই দুই ব্যাটারকে পাওয়া যাবে না। একই সঙ্গে কাঁধের চোট থেকে ফিরতে থাকা ওপেনার ফিন অ্যালেনকেও সতর্কতার অংশ হিসেবে বিশ্রামে রাখা হচ্ছে।

কোচ রব ওয়াল্টার সংবাদমাধ্যমকে বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে এই মুহূর্তে দলে কিছুটা অসুস্থতা দেখা দিয়েছে। ডেভন ও রাচিন ভাইরাসে আক্রান্ত, ভ্রমণের সময় এমনটা প্রায়ই হয়ে থাকে। রাচিন আমার পাশের রুমেই ছিল, সারা রাত তার অবস্থা ভালো মনে হয়নি। তবে সবাই সঠিক পথেই আছে। প্রথম ম্যাচের আগে সবাই ফিট হয়ে উঠবে বলে আশা করছি।’

আগামী রবিবার চেন্নাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে নিউজিল্যান্ড। তবে তার আগে দলটা যেন একের পর এক ধাক্কায় নড়বড়ে। অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল কাফ ইনজুরির কারণে ভারতের বিপক্ষে প্রস্তুতি সিরিজ খেলতে পারেননি।

এছাড়া বিপিএল কাঁপিয়ে যাওয়া জিমি নিশামও অসুস্থতায় ভুগছেন, আর পেসার লকি ফার্গুসন দীর্ঘ ইনজুরি কাটিয়ে ধীরে ধীরে ফিরছেন মাঠে। সব মিলিয়ে চোট আর অসুস্থতায় জর্জরিত বিশ্বকাপগামী নিউজিল্যান্ড দল এখন কাঙ্ক্ষিত ছন্দ খুঁজে পেতে হিমশিম খাচ্ছে।

এমআই