১৫ ছক্কায় ১৭৫, রেকর্ডের পর রেকর্ড গড়লেন সূর্যবংশী
খেলা ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪৪
১৫ ছক্কা, ১৫ চার, ১৭৫ রান—সংখ্যাগুলোই বলে দিচ্ছে, এটা কোনো সাধারণ ইনিংস নয়। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালের মতো বড় মঞ্চে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালালেন বৈভব সূর্যবংশী। তাঁর ঐতিহাসিক ইনিংসেই ভারত গড়ে তোলে পাহাড়সম ৪১১ রান, আর ক্রিকেট ইতিহাসে যোগ হয় একের পর এক নতুন রেকর্ড।
১৭৫ রানের এই ইনিংস যুব ওয়ানডের কোনো ফাইনাল বা নকআউট ম্যাচে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। আগের রেকর্ডটি ছিল এশিয়া কাপ ফাইনালে সামির মিনহাসের করা ১৭২ রান। আইসিসির যেকোনো টুর্নামেন্টের ফাইনালে এটিই এখন সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এত দিন শীর্ষে ছিল ২০২২ নারী ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে অ্যালিসা হিলির ১৭০ রান।
এই ১৭৫ রানের সুবাদে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডও এখন সূর্যবংশীর দখলে। ২০২২ সালে উগান্ডার বিপক্ষে রাজ বাওয়ারের ১৬২* রান ছিল আগের সর্বোচ্চ। যুব ওয়ানডেতে ভারতের হয়ে এটি দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। ২০০২ সালে আম্বাতি রাইডুর ১৭৭* রানই কেবল এর চেয়ে এগিয়ে।
সূর্যবংশীর ইনিংসের সবচেয়ে চোখধাঁধানো দিক ছিল ১৫টি ছক্কা। যুব ওয়ানডেতে এক ইনিংসে এত ছক্কা আগে কেউ মারেননি। মজার ব্যাপার, আগের রেকর্ডটিও ছিল সূর্যবংশীরই, আমিরাতের বিপক্ষে মেরেছেন ১৪ ছক্কা। যুব ওয়ানডেতে তিনি পাঁচবার ১০ বা তার বেশি ছক্কা মেরেছেন, যেখানে বাকি সব ব্যাটসম্যান মিলিয়ে এই কীর্তি হয়েছে মাত্র তিনবার।
চার-ছক্কার বৃষ্টি নামিয়ে বাউন্ডারি (১৫ চার ও ১৫ ছক্কা) থেকেই সূর্যবংশী করেছেন ১৫০ রান। এটি অনূর্ধ্ব-১৯ ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ বাউন্ডারি রানের রেকর্ড। আগের সর্বোচ্চ ছিল ২০১৮ সালে কেনিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার হাসিথা বয়াগোদার ১২৪ রান। মোট ৩০টি বাউন্ডারি মেরে তিনি এক ইনিংসে যৌথভাবে সর্বোচ্চ বাউন্ডারির রেকর্ডেও নাম লেখান।
গতির দিক থেকেও রেকর্ডবই উল্টে দিয়েছেন সূর্যবংশী। মাত্র ৭১ বলে ১৫০ রান পূর্ণ করে যুব ওয়ানডেতে দ্রুততম দেড়শর রেকর্ড গড়েছেন তিনি। সেঞ্চুরি আসে ৫৫ বলে, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে যা দ্বিতীয় দ্রুততম। দ্রুততমটি ছিল এই আসরেই, জাপানের বিপক্ষে উইল মালাইজচুকের ৫১ বলে।
ছক্কার সংখ্যায় সূর্যবংশী যেন আলাদা এক গ্রহে। অনূর্ধ্ব-১৯ ওয়ানডেতে ২৫ ইনিংসে তাঁর ছক্কা সংখ্যা এখন ১১০। দ্বিতীয় স্থানে থাকা জাওয়াদ আবরারের দ্বিগুণেরও বেশি। এর মধ্যে ৩০টি ছক্কা এসেছে শুধু এই বিশ্বকাপেই, ফলে এক আসরে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও এখন তাঁর দখলে। আগে এই রেকর্ড ছিল ডেভাল্ড ব্রেভিস ও ফিন অ্যালেনের (১৮টি)।
সব মিলিয়ে যুব ওয়ানডেতে সূর্যবংশীর মোট রান ১৪১২, যা সব দেশের মধ্যে চতুর্থ সর্বোচ্চ এবং ভারতের হয়ে সর্বোচ্চ। এবারের বিশ্বকাপে তাঁর ব্যাট থেকে এসেছে ৪৩৯ রান, যা এই আসরের সর্বোচ্চ সংগ্রহ। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এক আসরে এটি চতুর্থ সর্বোচ্চ এবং ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ। ভারতের সেরা এখনও শিখর ধাওয়ান, ২০০৪ সালে যার রান ছিল ৫০৫।
এমআই