মোস্তাফিজকে শেষ ওভার না করানোর কারণ জানা গেল
খেলা ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৩১
শেষ ওভারে যখন দরকার মাত্র ৭ রান, তখন বল হাতে মোস্তাফিজ আসবেন বলেই ধারণা করা হচ্ছিলো। কিন্তু অদম্য টি-টোয়েন্টি কাপের দ্বিতীয় ম্যাচে সেই চেনা ছবিটাই ভেঙে গেল। মোস্তাফিজকে পাশ কাটিয়ে শেষ ওভারের দায়িত্ব তুলে দেওয়া হলো তরুণ মুকিদুল ইসলাম মুগ্ধর হাতে। সিদ্ধান্তটি যেমন চমকে দেয় দর্শকদের, তেমনি জন্ম দেয় প্রশ্নের ঝড়।
অবশেষে সেই প্রশ্নের ব্যাখ্যা দিলেন ধূমকেতু একাদশের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল। টাইগারদের ব্যাটিং কোচের মতে, লিটন এই সিদ্ধান্তে মোটেও আবেগী হননি। বরং তিনি তরুণ মুগ্ধকে বড় মঞ্চে নিজেকে প্রমাণের সুযোগ করে দিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন।
আশরাফুল বলেন, ‘মোস্তাফিজের অভিজ্ঞতা প্রচুর। কিন্তু মুগ্ধ যদি এই ম্যাচ জেতাতে পারত, ওর জন্য সেটা আজীবনের শিক্ষা হতো। লিটনের নেতৃত্বের বড় শক্তি হলো খেলোয়াড়দের ব্যাক করা এবং নতুন পরিস্থিতিতে ফেলে শেখার সুযোগ করে দেওয়া।’
মোস্তাফিজের পুরো চার ওভার বোলিং কোটা ব্যবহার না করাও আলোচনায় এসেছে। এ বিষয়ে সরাসরি উত্তর না দিলেও আশরাফুল ইঙ্গিত দিয়েছেন দলীয় কম্বিনেশনের দিকে। দলে তিনজন কোয়ালিটি স্পিনার ও তিনজন পেসার থাকায় বিকল্পের অভাব নেই। সে কারণেই হয়তো এই দুই ম্যাচে মোস্তাফিজকে পূর্ণ কোটা দেওয়া হয়নি।
সব মিলিয়ে, শেষ ওভারে মোস্তাফিজ না থাকাটা ছিল কৌশলগত এক সাহসী সিদ্ধান্ত। যার মূল দর্শন তরুণদের শেখানো ও আত্মবিশ্বাস গড়ে তোলা। ফলে ম্যাচ হাতছাড়া হলেও লিটনের নেতৃত্বে ধূমকেতুর ডাগআউটে যে ভবিষ্যতের কথা ভাবা হচ্ছে, সেই বার্তাই স্পষ্ট করে দিলেন আশরাফুল।
এমআই