Advertisement
Us Bangla Airlines
পাকিস্তানকে জেতালেন বিপিএল তারকা ফাহিম আশরাফ

পাকিস্তানকে জেতালেন বিপিএল তারকা ফাহিম আশরাফ

খেলা ডেস্ক

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪৯

ক্যাচ মিসেই ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়েছে নেদারল্যান্ডস। জীবন পেয়েই ঝড় তুললেন ফাহিম আশরাফ, আর তাতেই ভেঙে চুরমার ডাচদের স্বপ্ন। ব্যাটিং বিপর্যয়ে দুলতে থাকা পাকিস্তানকে ঠিকই তীরে ভেড়ালেন বিপিএলে নজরকাড়া এই অলরাউন্ডার। ১১ বলের বিধ্বংসী ক্যামিওতে ২৯ রান করে ৩ বল ও ৩ উইকেট হাতে রেখেই বিশ্বকাপ শুরু করল পাকিস্তান।

নেদারল্যান্ডসের বিপক্ষে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে ম্যাচটা যে এমন নাটকীয় রূপ নেবে, তা হয়তো শুরুতে বোঝার উপায় ছিল না। ঝোড়ো সূচনার পর হঠাৎ করেই ব্যাটিং ধসে পড়ে পাকিস্তান। মাত্র ১৬ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে ‘আনপ্রেডিক্টেবল পাকিস্তান’ তকমাটা সামনে এনেছে। কিন্তু শেষ হাসিটা হেসেছেন ফাহিম আশরাফ।

এর আগে টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠান সালমান। ডাচরা শুরুটা করে দারুণ। ১২.১ ওভারে দলীয় শতক পূর্ণ করে তারা। তিন উইকেটে ১০৫ রানের পরই শুরু হয় ধস। পরের ৪২ রান তুলতেই হারায় বাকি ৭ উইকেট। ফলে ১৯.৫ ওভারে ১৪৭ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ৩৭ রানের ইনিংসটাই ছিল সর্বোচ্চ।

পাকিস্তানের হয়ে বল হাতে ৩ উইকেট নেন সালমান মির্জা, ২টি করে শিকার সাইম আইয়ুব, মোহাম্মদ নেওয়াজ ও আবরার আহমেদের।

লক্ষ্য তাড়ায় নেমে পাকিস্তানও শুরুতে আগ্রাসী ছিল। সাইম আইয়ুব ও সাহিবজাদা ফারহানের ব্যাটে দ্রুত রান এলেও জুটি ভাঙতেই শুরু হয় বিপত্তি। ফারহানের ৪৭ রানের ইনিংসের পর একে একে ফিরতে থাকেন বাবর আজম, শাদাব খান, নেওয়াজরা। স্কোরবোর্ডে চাপ বাড়তে থাকে, আর নেদারল্যান্ডস তখন জয়ের স্বপ্ন দেখছে।

শেষ তিন ওভারে প্রয়োজন ছিল ২৯ রান। ঠিক তখনই দৃশ্যপটে ফাহিম আশরাফ। প্রথম বলেই বিশাল ছক্কা, পরের বলেই লং অনে ক্যাচ—কিন্তু ম্যাক্স ও’দাউদের হাত ফসকে যায় বল। ওই একটি মিসেই যেন ম্যাচ হাতছাড়া হয়ে যায় ডাচদের। সেই ওভারেই ২৪ রান তুলে জয় প্রায় নিশ্চিত করে দেন ফাহিম। শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।

১১ বলে ২ চার ও ৩ ছক্কায় ২৯ রানের অপরাজিত ইনিংস খেলে পাকিস্তানের ‘ত্রাতা’ বনে যান ফাহিম আশরাফ। কাকতালীয় নয়, এই পারফরম্যান্স এসেছে এমন এক ক্রিকেটারের ব্যাট থেকে, যিনি বিপিএলের গত দুই আসরেই ছিলেন আলোচনার কেন্দ্রে।

রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালের হয়ে খেলে দুই মৌসুমে ১৭ ম্যাচে ৩৪ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে করেছেন ১০৫ রান। এমনকি জাতীয় দলে জায়গা হারানো ফাহিম বিপিএলে দুর্দান্ত পারফর্ম করেই গত বছর দলে ফিরেছেন। বিশ্বকাপে এবার দেখালেন দক্ষতার ঝলক।

এমআই