পাকিস্তানি বোলারের সমর্থনে ভারতের অশ্বিন
খেলা ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৬
উসমান তারিকের বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক যেন থামছেই না। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের আগ থেকেই প্রশ্নের মুখে পড়া এই পাকিস্তানি স্পিনার আবারও আলোচনার কেন্দ্রে। তবে সমালোচনার ভিড়ে তার পাশে দাঁড়ালেন ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তাতেই বিশ্ব ক্রিকেটে চলছে নানান আলোচনা।
মঙ্গলবার বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে ২৭ রানে ৩ উইকেট নিয়ে আলো ছড়ান তারিক। সেই ম্যাচে ৩২ রানের জয় পায় সালমান আলি আগার নেতৃত্বাধীন পাকিস্তান। টানা দুই জয়ে আত্মবিশ্বাসী দলটি ১৫ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে। ঠিক এমন সময়েই তারিকের অ্যাকশন ও ডেলিভারির আগে ‘পজ’ নেওয়া নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।
এর আগে দু’বার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন তারিক, দু’বারই বৈধতা পেয়েছেন। তবে সমালোচকদের প্রশ্ন—ডেলিভারির ঠিক আগে তার থেমে যাওয়া কি নিয়মসঙ্গত? সাবেক ভারতীয় ক্রিকেটার শ্রীবত্স গোস্বামী জানিয়েছেন, ফুটবলে যেমন রান-আপে থামার অনুমতি নেই, তেমনই ক্রিকেটেও এমন ‘পজ’ গ্রহণযোগ্য হতে পারে না।
সেই মন্তব্যের জবাবেই অশ্বিনের পাল্টা যুক্তি। তিনি বলেন, ব্যাটাররা আম্পায়ারকে না জানিয়েই সুইচ হিট বা রিভার্স শট খেলতে পারেন, অথচ বোলারের ওপরই কেন এত বিধিনিষেধ? এমনকি কোন হাতে বল করবেন, সেটিও বোলারকে আগে জানাতে হয়। নিয়মের ভারসাম্য নিয়েই প্রশ্ন তুলেছেন ভারতীয় অফস্পিনার।
তর্ক থামেনি। গোস্বামী আবারও জবাব দিয়ে বলেন, বিষয়টি বোলার বনাম ব্যাটার নয়, বরং ‘পজ’-এর ধারাবাহিকতা নিয়ে। এক সেকেন্ড থামা যদি বৈধ হয়, তবে সীমা কোথায়? এছাড়া দ্রুত বল করার সময় তারিকের হাত কিছুটা বাঁকছে বলেও ইঙ্গিত দেন তিনি। আলোচনায় যোগ দেন ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া।
তার প্রশ্ন, রান-আপ থেকে গতি না এলে, হাত না বাঁকিয়ে নির্দিষ্ট ডেলিভারিতে ২০-২৫ কিমি গতি বাড়ানো সম্ভব কি? এর জবাবে অশ্বিন ব্যাখ্যা দেন আরও বিশদভাবে। তার মতে, বোলিং অ্যাকশনের বৈধতা নির্ধারণের একমাত্র জায়গা আইসিসির নির্ধারিত টেস্টিং সেন্টার। ১৫ ডিগ্রি নিয়ম মাঠের আম্পায়ারের পক্ষে তাৎক্ষণিকভাবে বিচার করা প্রায় অসম্ভব।
রিয়েল-টাইম পরীক্ষার ব্যবস্থা না থাকলে এই ‘ধূসর এলাকা’ থাকবেই। আর কেউ যদি নিয়মের ভেতরে থেকে সেই সুবিধা নেয়, তাকে দোষারোপ করা ঠিক নয়। ক্রিজে ‘পজ’ নেওয়াও তার মতে বোলারের স্বাভাবিক অ্যাকশনের অংশ এবং বৈধ। সবমিলিয়ে পাকিস্তানি বোলারকেই সমর্থন করলেন ভারতীয় স্পিনার।
এমআই