Advertisement
Us Bangla Airlines
সিংহাসন পুনরুদ্ধার করলেন জিম্বাবুয়ের রাজা

সিংহাসন পুনরুদ্ধার করলেন জিম্বাবুয়ের রাজা

খেলা ডেস্ক

১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫২

টি-টোয়েন্টি ক্রিকেটে আবারও শীর্ষে সিকান্দার রাজা। বিশ্বকাপের মঞ্চে অলরাউন্ড নৈপুণ্যে দলকে জেতানোর পর র‍্যাঙ্কিংয়ের সিংহাসনও পুনরুদ্ধার করলেন জিম্বাবুয়ের অধিনায়ক। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ওমানকে ৮ উইকেটে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে জিম্বাবুয়ে। সেই জয়ের কেন্দ্রবিন্দুতে ছিলেন রাজা।

বল হাতে ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে নেন ১ উইকেট, এরপর ব্যাট হাতে দায়িত্বশীল ইনিংস খেলে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন। এই পারফরম্যান্সের ফল মিলেছে দ্রুতই। টি–টোয়েন্টি অলরাউন্ডারদের সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানের ওপেনার সাইম আইয়ুবকে টপকে আবারও ১ নম্বরে উঠে এসেছেন রাজা।

গত বছরের শেষেও শীর্ষে ছিলেন তিনি, এবার বিশ্বকাপের মঞ্চে নিজের অবস্থান আরও শক্ত করলেন। জিম্বাবুয়ের শিবিরে সুখবর আরও আছে। ওমানের বিপক্ষে অপরাজিত ৪৮ রানের ইনিংস খেলে ব্যাটসম্যানদের তালিকায় ক্যারিয়ার সেরা ১৯তম স্থানে উঠে এসেছেন ব্রায়ান বেনেট।

ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অবশ্য অপরিবর্তিত আছেন ভারতের অভিষেক শর্মা। দ্বিতীয় স্থানে ইংল্যান্ডের ফিল সল্ট। তবে বড় লাফ দিয়েছেন পাকিস্তানের সাহিবজাদা ফারহান। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪১ বলে ৭৩ রানের ঝড়ো ইনিংস খেলে চার ধাপ এগিয়ে এখন তিনি ৩ নম্বরে।

বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী। তবে তার ঠিক পেছনেই চাপ সৃষ্টি করছেন পাকিস্তানের আবরার আহমেদ। সেরা দশে বড় পরিবর্তন না এলেও এক ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠেছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা, যদিও চোটের কারণে এই বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন তিনি।

এমআই