পিএসএলে বিক্রি হলেন আসিফ মাহমুদ
খেলা ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৭
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসরের নিলামে বিক্রি হয়েছেন ক্রিকেটার আসিফ মাহমুদ। ৩০ বছর বয়সী এই বোলারকে দলে ভিড়িয়েছে পিএসএলের নতুন ফ্র্যাঞ্চাইজি হায়দরাবাদ হিউস্টন কিংসম্যান। নিলামে আসিফের ভিত্তিমূল্য ছিল ৬০ লাখ পাকিস্তানি রুপি। শুরুতে দল না পেলেও শেষদিকে তাকে ভিত্তিমূল্যে দলে ভেড়ায় হায়দরাবাদ।
পিএসএলের একাদশ আসরে প্রথমবার ড্রাফটের পরিবর্তে নিলাম অনুষ্ঠিত হয়েছে। দশ ফ্র্যাঞ্চাইজি নিয়ে আয়োজিত এই নিলামে নাম নিবন্ধন করেছেন ৯০৩ জন ক্রিকেটার। এর মধ্যে বাংলাদেশি ছিলেন ৫৩ জন। তবে রিশাদসহ বিক্রি হয়েছেন কেবল তিন বাংলাদেশি ক্রিকেটার। বিক্রিত বিদেশি ক্রিকেটারের সংখ্যা মোট ৪৫ জন।
এদিকে আট দলে মোট ৯৫ জন দেশি ক্রিকেটার খেলাবে পিএসএল। যেখানে নিলামের আগেই সর্বোচ্চ চারজন ক্রিকেটারকে রিটেইন এবং সরাসরি চুক্তিতে একাধিক ক্রিকেটারকে দলে নিতে পেরেছে প্রতিটি দল। সবমিলিয়ে রিটেইন ও সরাসরি চুক্তিসহ এবার বিভিন্ন দলে সুযোগ পেয়েছেন মোট ১৪০ জন ক্রিকেটার।

নিলামে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির জন্য নির্ধারিত ছিল ৪৫ কোটি পাকিস্তানি রুপি। তবে দলগুলো চাইলে সরাসরি একজন বিদেশি খেলোয়াড়কে চুক্তিবদ্ধ করতে পারবে, যিনি গত মৌসুমে পিএসএলে খেলেননি। সে ক্ষেত্রে বাজেট বাড়িয়ে ৫০ কোটি ৫০ লাখ পাকিস্তানি রুপি পর্যন্ত করা যাবে।
ড্রাফটের পরিবর্তে আয়োজিত এই নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য ছিল ৪ কোটি ২০ লাখ রুপি ও সর্বনিম্ন ছিল ৬০ লাখ রুপি। হায়দরাবাদের সন্তান আসিফ মাহমুদকে সর্বনিম্ন ভিত্তিমূল্যে দলে নিয়েছে হায়দরাবাদ হিউস্টন। সমান দামে বিক্রি হয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন।
উল্লেখ্য, পিএসএলের নিলাম অনুযায়ী প্রতিটি দলকে ন্যূনতম ১৬ জন এবং সর্বোচ্চ ২০ জন খেলোয়াড় নিয়ে স্কোয়াড গঠন করা বাধ্যতামূলক ছিল। এর মধ্যে বিদেশি খেলোয়াড় থাকতে পারবেন কমপক্ষে পাঁচজন এবং সর্বোচ্চ সাতজন। একই সঙ্গে স্কোয়াডে অন্তত দুজন আনক্যাপড অনূর্ধ্ব-২৩ খেলোয়াড় রাখা বাধ্যতামূলক করেছে পিএসএল।
এমআই