জিম্বাবুয়ের কাছে হেরে কঠিন সমীকরণে পড়ল অস্ট্রেলিয়া
খেলা ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৫৫
টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা হয়েছিল দাপুটে। কিন্তু দ্বিতীয় ম্যাচেই ছন্দপতন। জিম্বাবুয়ের কাছে ২৩ রানের হারে এখন জটিল সমীকরণের মুখে অস্ট্রেলিয়া। সুপার এইটে ওঠার লড়াইয়ে ২০২১ সালের চ্যাম্পিয়নদের পথ আর সরল নেই। ‘বি’ গ্রুপে দুই ম্যাচ শেষে সমান পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে অস্ট্রেলিয়া।
অজিদের ওপরে রয়েছে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। দুই দলই দুই ম্যাচে পূর্ণ ৪ পয়েন্ট পেয়েছে। নিয়ম অনুযায়ী, প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল জায়গা পাবে শেষ আটে। ফলে বাকি দুই ম্যাচ অস্ট্রেলিয়ার জন্য এখন কার্যত বাঁচা-মরার লড়াই।
চোটে জর্জরিত দল নিয়েই বিশ্বকাপে এসেছে অস্ট্রেলিয়া। আগেই ছিটকে গেছেন প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড। আসরের মাঝপথে চোট পেয়েছেন মিচেল মার্শও। এই তিন তারকার অনুপস্থিতি বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। তবু শুরুটা ছিল আশাব্যঞ্জক, প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ৬৭ রানে হারিয়েছিল দলটি।
কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর বদলে গেছে দৃশ্যপট। এখন ১৬ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা ও ২০ ফেব্রুয়ারি ওমানের বিপক্ষে জিততেই হবে ট্রাভিস হেডের দলকে। শুধু জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের দিকেও।
সুপার এইটে উঠতে হলে শ্রীলঙ্কার কাছে জিম্বাবুয়ের হার কামনা করতে হবে অস্ট্রেলিয়াকে। সে ক্ষেত্রে পয়েন্টের হিসাব মিললে শেষ আটের টিকিট পেতে পারে তারা। অন্যথায় গ্রুপ পর্বেই থামতে হতে পারে বিশ্বকাপ অভিযাত্রা। রোডেশিয়ানদের কাছে একটি হারের ধাক্কায় বদলে গেছে সমীকরণ।
এমআই