ক্রিকেট ছেড়ে এবার পড়াশোনায় মনোযোগ দিলেন সূর্যবংশী
খেলা ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০৭
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে রেকর্ডের পর রেকর্ড গড়েছিলেন ১৪ বছরের বৈভব সূর্যবংশী। অবিশ্বাস্য ব্যাটিংয়ে যুব বিশ্বকাপের শিরোপা জিতেছিল তার দল ভারত। তবে ক্রিকেটকে সাময়িক বিশ্রাম দিয়ে এবার বই-খাতায় মন দিয়েছেন সূর্যবংশী। দিন কয়েক পরেই দিবেন বোর্ড পরীক্ষা।
বিশ্বকাপে ব্যস্ততার কারণে ঠিক মতো প্রস্তুতি নেওয়া হয়নি। তাই দেশে ফেরার পর থেকেই পড়াশোনায় মন দিয়েছেন বৈভব। আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে তার দশম শ্রেণির বোর্ড পরীক্ষা। হাতে সময় মাত্র তিন দিন, তাই শেষ মুহূর্তের প্রস্তুতিতেই ব্যস্ত তিনি।
বিহারের সমস্তিপুরে অবস্থিত পোদার ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র বৈভব। স্কুলের অধ্যক্ষ নীল কিশোর জানিয়েছেন, ক্রিকেট মাঠে দেশের প্রতিনিধিত্ব করলেও পরীক্ষার হলে তিনি অন্য সবার মতোই একজন সাধারণ ছাত্র। কোনও বিশেষ সুবিধা দেওয়া হবে না। সহপাঠীদের সঙ্গে একই নিয়মে পরীক্ষায় বসবেন তিনি।
অধ্যক্ষ আরও বলেছেন, বৈভব ইতোমধ্যেই স্কুলে এসে প্রবেশপত্র সংগ্রহ করেছেন। তাকে ঘিরে শিক্ষকদের মধ্যে স্বাভাবিক উচ্ছ্বাস থাকলেও পরীক্ষার ব্যবস্থায় কোনও ভিন্নতা করা হচ্ছে না। অধ্যক্ষ বলেন, ‘এটা পড়াশোনার জায়গা, ক্রিকেটের মাঠ নয়। এখানে সবাই সমান। সূর্যবংশীর জন্য বিশেষ সুবিধা নেই।’
বৈভবকে ঘিরে বাড়তি আগ্রহ থাকায় নিরাপত্তার বিষয়েও সতর্কতা রাখা হয়েছে। স্কুল কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন, ছাত্রদের নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ বজায় রেখে পরীক্ষা নেওয়া হবে।
সম্প্রতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৮০ বলে ১৭৫ রানের ঝড়ো ইনিংস খেলেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বৈভব। সেই পারফরম্যান্সের জন্য সেরা ক্রিকেটারের পুরস্কারও পেয়েছেন তিনি। তবে এখন তার লক্ষ্য একটাই, পরীক্ষার খাতায়ও যেন থাকে একই মনোযোগ এবং দৃঢ়তা।
এমআই