Advertisement
Us Bangla Airlines
নিলামের তিন দিন পর পিএসএলে দল পেলেন মুজারাবানি

নিলামের তিন দিন পর পিএসএলে দল পেলেন মুজারাবানি

খেলা ডেস্ক

১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫০

অস্ট্রেলিয়াকে রীতিমতো গুঁড়িয়ে দিয়ে জয় তুলে নেয় জিম্বাবুয়ে। ২৩ রানের জয়ের ম্যাচে ডানহাতি ব্লেসিং মুজারাবানি মাত্র ৪ ওভারে ১৭ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। স্বাভাবিকভাবেই ম্যাচসেরার পুরস্কারও তার হাতে ওঠে। বল হাতে আলো ছড়িয়ে এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়ে গেলেন তিনি।

গত বুধবার অনুষ্ঠিত হয়েছিল পিএসএলের নিলাম অনুষ্ঠান। নিলামে ১১ কোটি পাকিস্তানি রুপিতে ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফকে দলে নিয়েছিল ইসলামাবাদ ইউনাইটেড। দুই পক্ষ পারস্পরিক সম্মতিতে চুক্তি বাতিল করায় সেই জায়গাতেই সুযোগ পেলেন মুজারাবানি।

ক্রিকইনফো জানিয়েছে, ইসলামাবাদ বা মুজারাবানি কেউই চুক্তির আর্থিক বিষয় প্রকাশ করবেন না। তবে লিগ কর্তৃপক্ষ এই নতুন চুক্তি মেনে নিয়েছে।

সাম্প্রতিক সময়ে মুজারাবানি দারুণ ফর্মে আছেন। গত বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে শিরোপা জেতা এই ক্রিকেটার চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। দুই ম্যাচে তার শিকার ৭ উইকেট। শীর্ষে রয়েছেন যুক্তরাষ্ট্রের শ্যাডলে ফন শেলকিক, ১১ উইকেট নিয়ে।

২৬ মার্চ থেকে শুরু হবে এবারের পিএসএল, ফাইনাল হবে ৩ মে। ইসলামাবাদে মুজারাবানি তার সতীর্থদের সঙ্গে খেলবেন—ডেভন কনওয়ে, শাদাব খান, ইমাদ ওয়াসিম, মার্ক চাপম্যান। পেসার হিসেবে তার সঙ্গী হবেন রিচার্ড গ্লেসন, সালমান ইরশাদ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ওয়াসিম ও সামীন গুল।

পিএসএলে মুজারাবানির এবারই প্রথম দল নয়। ২০২১ ও ২০২২ সালে খেলেছেন মুলতান সুলতানসের হয়ে। সর্বশেষ ২০২৪ সালে করাচি কিংসের হয়ে খেলেছেন। সব মিলিয়ে ১৫ ম্যাচে ২০.২৮ গড়ে ২১ উইকেট নিয়েছেন, গড় ইকোনমি ৭.৭৯।

এমআই