Advertisement
Us Bangla Airlines
বিশ্বকাপে ‘প্রথম জয়’ তুলে যা বললেন ওমরজাই

বিশ্বকাপে ‘প্রথম জয়’ তুলে যা বললেন ওমরজাই

খেলা ডেস্ক

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৩

টি-টোয়েন্টি বিশ্বকাপে গেল মৌসুমে সেমিফাইনাল খেলেছিল আফগানিস্তান। চলতি আসরে ফেভারিট তকমা নিয়েই বিশ্বকাপ শুরু করেছিল রশিদ খানের দল। তবে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ হেরে বাদ পড়ার শঙ্কায় এশিয়ান পরাশক্তিরা। যদিও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আজ এবারের মৌসুমে প্রথম জয় পেয়েছে আফগানরা।

দিল্লির মাঠে সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ডি’ গ্রুপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলতে নামে আফগানিস্তান। শুরুতে ব্যাট করতে নেমে ১৬০ রানের লক্ষ্য পায় আরব আমিরাত। জবাবে ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে আফগানদের ৫ উইকেটে জয় এনে দেন আজমাতউল্লাহ ওমরজাই।

ম্যাচের চতুর্থ বলেই দলকে প্রথম গুরুত্বপূর্ণ উইকেট এনে দেন ওমরজাই। এরপর বোলিংয়ে আরও তিনটি উইকেট শিকার করে মাত্র চার ওভারে ১৫ রান দিয়ে চার উইকেট নেন। টি-টোয়েন্টিতে এর আগেও দুইবার চার উইকেট নিয়েছেন তিনি, কিন্তু বিশ্বকাপে এটি তাঁর প্রথমবারের অভিজ্ঞতা।

ব্যাট হাতে ওমরজাইও ঝলক দেখান। নির্ধারিত ১৬১ রানের লক্ষ্য তাড়ায় পাঁচ নম্বরে নেমে ২১ বলে তিনটি ছক্কা ও দুটি চারে ৪০ রান করে দলের জয় নিশ্চিত করেন। শেষের ৪ বল বাকি থাকতেই আফগানরা জয়ের বন্দরে পৌঁছে যায়। ম্যাচ শেষে ব্যাট ও বোলিং দুই দিকের পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরার পুরস্কারও জিতে নেন ওমরজাই।

ম্যাচ শেষে ওমরজাই বলেন, ‘নিজের পারফরম্যান্সে আমি অনেক খুশি। উইকেট কিছুটা মন্থর ছিল, তাই ভালো লেংথে বল করার চেষ্টা করেছি এবং সাফল্য পেয়েছি। স্কোরবোর্ড দেখে বুঝেছিলাম অনেক বল বাকি, তাই প্রান্ত বদল করে খেলতে চেয়েছি। সোজা ব্যাটে খেলার উপর মনোযোগ দিয়েছি এবং বাজে বলের অপেক্ষা করেছি।’

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তান মুখোমুখি হবে কানাডার সঙ্গে। চেন্নাইয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে এই ম্যাচ।

এমআই