এবার দল বাদ পড়ছেন বাবর-শাহীন!
খেলা ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১৭
টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ৬১ রানের বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। ম্যাচে বাজে পারফরম্যান্স করায় টিম ম্যানেজমেন্টের রোষে পড়েছেন দলের দুই তারকা বাবর আজম ও শাহিন আফ্রিদি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) জিও নিউজকে দেওয়া তথ্য অনুযায়ী, সিনিয়র খেলোয়াড়দের পারফরম্যান্সে হতাশ টিম ম্যানেজমেন্ট।
সূত্রের দাবি, নামিবিয়ার বিপক্ষে বুধবারের (১৮ ফেব্রুয়ারি) ম্যাচে বাবর ও শাহিনকে বেঞ্চে বসানোর বিষয়টি ভাবা হচ্ছে। সেই ম্যাচে দলে দুই থেকে তিনটি পরিবর্তন আসতে পারে। ম্যানেজমেন্টের পরিকল্পনা, বেঞ্চের খেলোয়াড়দের নিজেদের প্রমাণ করার সুযোগ দিবে পাকিস্তান।
পাকিস্তানের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। দলগত মুখপাত্র জানিয়েছেন, খেলোয়াড়রা আজ (১৬ ফেব্রুয়ারি) বিশ্রামে থাকবেন। ২০০৯ সালের চ্যাম্পিয়ন পাকিস্তানের জন্য নামিবিয়ার বিপক্ষে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপার এইট পর্বে ওঠার জন্য জয়ের বিকল্প নেই। যদিও বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলেও, পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ পাবেন তারা।
রোববার (১৫ ফেব্রুয়ারি) ভারতের বিপক্ষে ব্যাট ও বোলিং উভয় বিভাগেই হতাশাজনক পারফরম্যান্সের পর এই পরিবর্তনের জল্পনা জোরদার হয়েছে। স্পিন সহায়ক উইকেটে প্রথমে ফিল্ডিংয়ের কৌশল নেওয়া হলেও তা ব্যর্থ হয়। ঈশান কিশানের ঝড়ো অর্ধশতকে ভারত পাঁচ উইকেটে ১৭৫ রান তোলে তারা।
পাকিস্তানের প্রধান স্পিনারদের আক্রমণও কার্যকর হয়নি। আবরার আহমেদ তিন ওভারে ৩৮ রান দেন, আর শাদাব খান এক ওভারে ১৭ রান দিলেও উইকেট নিতে পারেননি। অধিনায়ক সালমান আলী আগা ম্যাচের পর এটিকে ‘অফ-ডে’ বলে আখ্যায়িত করেন।
শাহিন আফ্রিদি দুই ওভারে ৩১ রান দিয়ে মাত্র এক উইকেট নেন। জবাবে রান তাড়ায় নেমে পাকিস্তানের ব্যাটিং ভেঙে পড়ে। ইনিংসের শুরুতেই ধস নেমে আসে, এবং ১৮ ওভারে মাত্র ১১৪ রানে অলআউট হয় দলটি। এই পরিস্থিতিতে বাবর ও শাহিনের সাময়িক বাদ পড়ার সিদ্ধান্ত ক্রিকেট ভক্তদের মধ্যে জোর আলোচনা শুরু করেছে।
এমআই