Advertisement
Us Bangla Airlines
গ্রুপ পর্ব থেকেই বিদায় অস্ট্রেলিয়ার, সুপার এইটে জিম্বাবুয়ে

গ্রুপ পর্ব থেকেই বিদায় অস্ট্রেলিয়ার, সুপার এইটে জিম্বাবুয়ে

খেলা ডেস্ক

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০৩

একটি বলও গড়াল না, তবু বদলে গেল বিশ্বকাপের ভাগ্যরেখা। ক্যান্ডির আকাশভরা বৃষ্টি নিভিয়ে দিল অস্ট্রেলিয়ার শেষ আশার প্রদীপ, আর জিম্বাবুয়ের শিবিরে বইয়ে দিল উচ্ছ্বাসের হাওয়া। আয়ারল্যান্ড–জিম্বাবুয়ে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় নতুন খবর নিশ্চিত হয়েছে। সুপার এইটে উঠছে জিম্বাবুয়ে, গ্রুপ পর্ব থেকেই বিদায় নিচ্ছে অস্ট্রেলিয়া।

পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের পর দিন জমে থাকা উত্তেজনা আজ থামল বৃষ্টির ছোঁয়ায়। একটি বলও মাঠে গড়ায়নি আজ। সমীকরণও ছিল সহজ। আয়ারল্যান্ড জিতলেই টিকে থাকত তাদের এবং অস্ট্রেলিয়ার সম্ভাবনা। কিন্তু প্রকৃতির সিদ্ধান্তে সব হিসাব মিলিয়ে গেল শূন্যে। ফলে আয়ারল্যান্ডের বিদায়ও সিলমোহর পেল।

শ্রীলঙ্কার কাছে হারের পর অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ আক্ষেপ ঝরিয়ে বলেছিলেন, ভাগ্য আর তাদের হাতে নেই। ড্রেসিংরুমে হতাশার ভারী আবহের কথা জানিয়ে তিনি স্বীকার করেছিলেন, দল নিজেদের সেরা খেলাটা খেলতে পারেনি। ২০০৯ সাল বা ১৭ বছর পর প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই বিদায় নিল অস্ট্রেলিয়া।

অন্যদিকে জিম্বাবুয়ের জন্য এটি দারুণ অর্জন। ২০২২ সালের পর আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরে টানা দ্বিতীয়বার প্রথম পর্ব পেরোল তারা। এর আগে অস্ট্রেলিয়াকে হারিয়ে বড় ধাক্কা দিয়েছিল জিম্বাবুয়ে, সেই জয়ই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দিয়েছে।

‘বি’ গ্রুপে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সবার আগে সুপার এইট নিশ্চিত করে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। সমান ম্যাচে জিম্বাবুয়ের পয়েন্ট ৫। চার ম্যাচে আয়ারল্যান্ডের ৩, তিন ম্যাচে অস্ট্রেলিয়ার ২ পয়েন্ট। গ্রুপের অন্য দল ওমান তিন ম্যাচেই হেরে আগেই ছিটকে গেছে।

জিম্বাবুয়েকে নিয়ে সুপার এইটের সাতটি দল এখন চূড়ান্ত। এর আগে জায়গা করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।

এমআই