সেঞ্চুরি করে নতুন রেকর্ড গড়লেন রাজশাহীর ওপেনার
খেলা ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৩
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের নাভিশ্বাস তুলেছিল নেদারল্যান্ডস। যুক্তরাষ্ট্রের বিপক্ষেও বাবরদের লড়াই করে জিততে হয়েছে। তবে ভারতের বিপক্ষে ম্যাচ হেরে বেশ চাপে ছিল পাকিস্তান। তাতেই সমীকরণ দাঁড়ায় বাঁচা–মরার লড়াইয়ে। নামিবিয়ার বিপক্ষে ম্যাচ হারলেই বাদ পড়বে পাক বাহিনী। এমন ম্যাচেই রেকর্ড গড়া সেঞ্চুরি করলেন শাহিবজাদা ফারহান।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলেছিলেন শাহিবজাদা। ধারাবাহিক না হলেও বিপিএলে ম্যাচ জেতানো ফিফটি ছিলো তার। শেষ পর্যন্ত শিরোপা নিশ্চিত করেই বাড়ি ফিরেছেন তিনি। তবে ব্যাট হাতে প্রতিপক্ষের ওপর ছড়ি ঘোরানোর ফর্ম ধরে রেখেছেন এই ক্রিকেটার। এবার বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে গড়লেন নতুন রেকর্ড।
নামিবিয়ার বিপক্ষে ৩৭ বলে ফিফটি করেছিলেন শাহিবজাদা ফারহান। বাকি ৫০ রান করতে ব্যাটকে বানিয়েছেন তরবারি। মাত্র ২০ বলেই পরবর্তী ৫০ রান করেছেন তিনি। সবমিলিয়ে মাত্র ৫৭ বলেই শতক পূর্ণ করেন শাহিবাজাদা, যা টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের হয়ে দ্রুততম সেঞ্চুরি। এর আগে ২০১৪ সালে ৫৮ বলে সেঞ্চুরি করেছিলেন আহমেদ শেহজাদ।
সেঞ্চুরির পথে ১১ চার ও ৪ ছক্কা মেরেছেন শাহিবাজাদা ফারহান। এই উইকেটরক্ষ ব্যাটারের সেঞ্চুরির কল্যাণে পাকিস্তান তুলতে পেরেছে ১৯৯ রানের বড় সংগ্রহ।
চলতি বিশ্বকাপে শতক হাঁকানোর ঘটনায় শাহিবাজাদা প্রথম নন। এর আগে আরও দুইটি সেঞ্চুরি দেখেছিল ক্রিকেট বিশ্ব। চলতি বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি করেছেন পাথুম নিশাঙ্কা, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫২ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে শতক হাঁকান কানাডার ওপেনার যুবরাজ সামরা।
উল্লেখ্য, বিশ্বকাপের এক মৌসুমে সর্বোচ্চ সেঞ্চুরি ছিল দুইটি। চার মৌসুমে জোড়া শতক দেখা গিয়েছিল। এবার সব রেকর্ড ছাড়িয়ে দুই দিনেই তিন সেঞ্চুরি দেখল ক্রিকেট বিশ্ব।
এমআই