Advertisement
Us Bangla Airlines
২০২৮ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল বাংলাদেশ

২০২৮ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল বাংলাদেশ

খেলা ডেস্ক

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০৭

নিরাপত্তা জটিলতায় চলমান টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠিত চলমান বিশ্বকাপের সেরা আট দল সরাসরি খেলবে পরবর্তী বিশ্বকাপে। ইতোমধ্যে সুপার এইটের দল নির্ধারিত হয়েছে, যেখান থেকে বাদ পড়েছে অস্ট্রেলিয়ার মতো বড় দল। তবে বিশ্বকাপে না খেলেও র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় ২০২৮ মৌসুমে সরাসরি খেলবে বাংলাদেশ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) নামিবিয়ার বিপক্ষে জয়ের মাধ্যমে সুপার এইটের শেষ দল হিসেবে যোগ দিয়েছে পাকিস্তান। গ্রুপ ‘এ’ থেকে উঠেছে পাকিস্তান ও ভারত। গ্রুপ ‘বি’ থেকে জায়গা পেয়েছে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। গ্রুপ ‘সি’ থেকে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। আর গ্রুপ ‘ডি’ থেকে সুপার এইটে গেছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৭ ক্রিকেটার, জায়গা পাচ্ছেন যারা

পরবর্তী আসরের স্বাগতিক হওয়ায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড আগেই সরাসরি খেলার নিশ্চয়তা পেয়েছিল। ফলে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে কোয়ালিফিকেশনের বাকি তিনটি স্থান নির্ধারিত করেবে আইসিসি। আগামী ৯ মার্চ পর্যন্ত আইসিসি টি–টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের সেরা ১২ নম্বরে থাকা দলগুলোই পরবর্তী বিশ্বকাপ সরাসরি খেলার সুযোগ পাবে।

বর্তমান র‍্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ড ওই তিনটি স্থান পাওয়ার দৌড়ে এগিয়ে আছে। বিশ্বকাপের মাঝে যেহেতু দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ নেই, ফলে ৯ মার্চের মধ্যে বর্তমান র‍্যাঙ্কিংয়ে প্রভাব ফেলার কোনো সম্ভবনা দেখছে না আইসিসি। তাতেই এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশের বিশ্বকাপ খেলার বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি।

বিশ্বকাপে খেলার সুযোগ পেতে পারে বাংলাদেশ!

এদিকে ২০ দলের মূল পর্বের বাকি আটটি স্থান নির্ধারিত হবে আঞ্চলিক বাছাইপর্বের মাধ্যমে। সংশ্লিষ্ট অঞ্চলের প্রতিযোগিতামূলক শক্তির ভিত্তিতে কোটা বণ্টন করা হবে। তবে চলমান বিশ্বকাপে সুপার এইট নিশ্চিত করায় এই পরীক্ষা থেকে আপাতত মুক্তি পাচ্ছে জিম্বাবুয়ে। র‌্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ায় অটোপাস বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ড।

এমআই