Advertisement
Us Bangla Airlines
৯ কর্মসূচি দিয়েই যাত্রা শুরু করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

৯ কর্মসূচি দিয়েই যাত্রা শুরু করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

খেলা ডেস্ক

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ২২:১৭

শপথের ২৪ ঘণ্টা না পেরোতেই মাঠে নেমে গেলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সচিবালয়ে প্রথম কার্যদিবসেই তিনি ঘোষণা করলেন ৯টি কর্মসূচি। প্রকাশ করলেন কোন প্রতিষ্ঠান কোন দায়িত্ব পালন করবে তার সুস্পষ্ট তালিকাও। শুরুতেই বার্তা পরিষ্কার, কথায় নয়, কাজে বিশ্বাস।

গতকাল বিকেলে নতুন সরকারের মন্ত্রীরা শপথ নেন। আজ ছিল তাদের প্রথম অফিস দিবস। সাধারণত প্রথম দিনে সৌজন্য সাক্ষাৎ আর মতবিনিময়েই সময় কাটে। কিন্তু সাবেক জাতীয় ফুটবলার আমিনুল হক ভিন্ন পথ বেছে নিলেন। দীর্ঘদিন ধরে ক্রীড়াঙ্গন নিয়ে নিজের স্বপ্নের কথা বলে আসা এই প্রতিমন্ত্রী দায়িত্বের শুরুতেই সেই পরিকল্পনাকে আনুষ্ঠানিক রূপ দিলেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে থাকা চার সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদ, ক্রীড়া পরিদপ্তর, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও ক্রীড়া কল্যাণসেবী ফাউন্ডেশন—এই ৯ কর্মসূচি বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করবে। দায়িত্ব বণ্টনের চিঠিতে স্বাক্ষর করেছেন ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব আলম।

ফুটবল ও ক্রিকেটের বাইরের খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বাড়ানোকে অগ্রাধিকার দিয়েছেন প্রতিমন্ত্রী। জাতীয় দলের সব খেলোয়াড়কে বেতনের আওতায় আনা এবং খেলাকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে কাজ করবে মন্ত্রণালয়ের ক্রীড়া অনুবিভাগ-১ ও ২, জাতীয় ক্রীড়া পরিষদ এবং বিকেএসপি।

পাশাপাশি চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার বিষয়টিও তদারকি করবে এই প্রতিষ্ঠানগুলো। খেলার সরঞ্জাম উৎপাদনেও আত্মনির্ভরতার পথে হাঁটতে চান তিনি। বর্তমানে অধিকাংশ সরঞ্জাম বিদেশ থেকে আমদানি করা হয়। দেশেই উৎপাদন ও ভবিষ্যতে রপ্তানির পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, যা বাস্তবায়ন করবে মন্ত্রণালয় ও ক্রীড়া পরিদপ্তর।

অর্থসংকটে থাকা ফেডারেশনগুলোর জন্যও থাকছে নতুন ভাবনা। বিভিন্ন ব্যাংক ও কর্পোরেট প্রতিষ্ঠানকে নির্দিষ্ট খেলা বা ফেডারেশনের সঙ্গে সম্পৃক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ দায়িত্ব পালন করবে মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদ।

তৃণমূল পর্যায়ে খেলাধুলা ছড়িয়ে দিতে উপজেলা পর্যায়ে ক্রীড়া অফিস স্থাপন ও ক্রীড়া অফিসার নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিষয়টি দেখভাল করবে ক্রীড়া পরিদপ্তর। আর ৬৪ জেলায় ইনডোর ভিলেজ স্থাপনের দায়িত্ব পেয়েছে বিকেএসপি।

এমআই