আইপিএলে নাম না দিয়ে পিএসএলে খেলবেন ম্যাক্সওয়েল
খেলা ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৪১
আইপিএলের নিলামে এবার নাম দেননি অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। তবে একই সময়ে অনুষ্ঠিত পিএসএলের নিলামে সরাসরি চুক্তিতে নাম লিখিয়েছেন তিনি। আসন্ন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরে হায়দরাবাদ হস্টন কিংসমেন তাকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে দলটি। টুর্নামেন্টটি শুরু হবে ২৬ মার্চ এবং চলবে ৩ মে পর্যন্ত।
ম্যাক্সওয়েল টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার অন্যতম বিধ্বংসী ব্যাটার হিসেবে পরিচিত। ১২৯ ম্যাচে ১৫৮.৪২ স্ট্রাইক রেটে ২,৮৯৭ রান করেছেন তিনি। ইনিংসগুলোতে রয়েছে ১২টি অর্ধশতক ও ৫টি শতক; সর্বোচ্চ অপরাজিত ১৪৫ রান। ব্যাটিংয়ের পাশাপাশি অফস্পিনে ৪৯ উইকেটও শিকার করেছেন এই অলরাউন্ডার।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার অভিজ্ঞতা সমৃদ্ধ। বিশ্বের বিভিন্ন শীর্ষ টি-টোয়েন্টি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে। সব মিলিয়ে ৫০২ টি-টোয়েন্টি ম্যাচে ১৫৪.১৬ স্ট্রাইক রেটে ১০,৯৮৬ রান সংগ্রহ করেছেন ম্যাক্সওয়েল, যেখানে রয়েছে ৫৮টি ফিফটি ও ৮টি সেঞ্চুরি। বল হাতে নিয়েছেন ১৯৬ উইকেট।
চলতি মৌসুমেই প্রথমবারের মতো পিএসএলে অভিষেক হতে যাচ্ছে ম্যাক্সওয়েলের। তাকে ঘিরে হায়দরাবাদ হস্টন কিংসমেন-এর ব্যাটিং শক্তি আরও সমৃদ্ধ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর আগে ৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার টপ-অর্ডার ব্যাটার মারনাস লাবুশানেক-কেও সরাসরি চুক্তিতে দলে ভেড়ানোর ঘোষণা দেয় হায়দরাবাদ।
উল্লেখ্য, এবার পিএসএলের ইতিহাসে প্রথমবারের মতো প্লেয়ার নিলাম পদ্ধতিতে দল গঠন করা হয়েছে। নতুন দুটি দল, সিয়ালকোট স্ট্যালিয়নজ ও হায়দরাবাদ হস্টন কিংসমেন যোগ হওয়ায় এই পরিবর্তন আনা হয়েছে। বিদ্যমান ছয়টি দল তাদের মূল স্কোয়াড থেকে সর্বোচ্চ চারজন করে খেলোয়াড় ধরে রাখার সুযোগ পায়।
এমআই