বিশ্বকাপ খেলতে না পারার কষ্টটা লুকাতে পারলেন না সাইফ
খেলা ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪৪
বিশ্বকাপ একজন ক্রিকেটারের স্বপ্নের মঞ্চ। সেখানে দেশের জার্সি গায়ে নামার অপেক্ষা, জাতীয় সঙ্গীতের সুরে বুক ভরে ওঠা—সবকিছু মিলিয়ে এক অনির্বচনীয় অনুভূতি। কিন্তু সেই স্বপ্ন নিশ্চিত জেনেও যদি হঠাৎ ভেঙে যায়? সেই আঘাত বয়ে বেড়ানো সহজ নয়। এবার আক্ষেপের সেই কষ্টটাই প্রকাশ্যে আনলেন বাংলাদেশের ওপেনার সাইফ হাসান।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে কয়েকটি ছবি শেয়ার করে মন খুলেছেন ডানহাতি এই ব্যাটার। ক্যাপশনে লিখেছেন, ‘সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ মেহেরবান, আলহামদুলিল্লাহ।’
তারপরই এসেছে হৃদয়ের কথা—‘আমার প্রথম বিশ্বকাপে খেলতে না পারার হৃদয়ভাঙা কষ্ট থেকে ফিরে আসা সহজ ছিল না। এটা ছিল জীবনের একটি স্বপ্ন, যার পেছনে ছিল অনেক পরিশ্রম ও ত্যাগ। আমি নিশ্চিত, আল্লাহ সবার জন্যই আরও ভালো কিছু পরিকল্পনা করে রেখেছেন। কারণ তিনিই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী।’
সাইফ স্বীকার করেছেন, নিজেকে সামলে নেওয়ার পথটা মোটেও সহজ ছিল না। ‘সেই কঠিন সময়ে যারা আমাকে মানসিকভাবে সমর্থন দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ,’—যোগ করেন তিনি।
এদিকে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন সম্প্রতি জানিয়েছেন, বিশ্বকাপে খেলতে না পারার ধাক্কায় দুই ক্রিকেটার প্রায় কোমার মতো অবস্থায় চলে গিয়েছিলেন। যদিও নাম উল্লেখ করেননি, ধারণা করা হচ্ছে তাঁদের একজন সাইফ হাসান।
সালাউদ্দিন বলেন, ‘আমি তো জানি আমার দুইটা খেলোয়াড় প্রায় কোমাতে চলে গেছিল। পাঁচ দিন ধরে কোথায় যেন হারিয়ে গিয়েছিল তারা। আমরা তাদের (অদম্য কাপ) টুর্নামেন্টে মাঠে ফিরিয়ে আনতে পেরেছি—ওটাই বড় সাফল্য। যে সে মাঠে এসেছে এবং এসে আবার রান করেছে।’
এমআই