দ্য হান্ড্রেডের নিলামে ২৩ বাংলাদেশি
খেলা ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫১
ইংল্যান্ডের ঝলমলে ১০০ বলের প্রতিযোগিতা দ্য হান্ড্রেডের নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের সরব উপস্থিতি দেখা মিলেছে। আসন্ন আসরের নিলামে নাম লিখিয়েছেন ২৩ জন বাংলাদেশি ক্রিকেটার। সংখ্যার দিক থেকে যেমন চমকপ্রদ, তেমনি আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন কাটারমাস্টার মোস্তাফিজুর রহমান।
সর্বোচ্চ ভিত্তিমূল্য ১ লাখ পাউন্ডের তালিকায় জায়গা পেয়েছেন মোস্তাফিজ। দল পেলে প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় দেখা যাবে তাকে। ইংল্যান্ডের ঘরোয়া টি–টোয়েন্টি প্রতিযোগিতা ভাইটালিটি ব্লাস্টে ২০১৬ সালে সাসেক্সের হয়ে খেলেছিলেন এই বাঁহাতি পেসার। ফলে ইংলিশ কন্ডিশনে তার অভিজ্ঞতা নতুন নয়।
৭৫ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে আছেন রিশাদ হোসেন। আর ৩১ হাজার পাউন্ডের ভিত্তিমূল্যে নাম তুলেছেন নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকের আলী, লিটন দাস, শেখ মেহেদী, মেহেদী মিরাজ, তানজিম সাকিব, তানজিদ তামিম, সাইফ হাসান, শামিম পাটোয়ারী, পারভেজ ইমন, শান্ত ও হৃদয়।
এ ছাড়া একই ভিত্তিমূল্যে নিলামে আছেন শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ, রিপন মন্ডল, নাঈম শেখ, সাব্বির রহমান ও সৌম্য সরকার। সব মিলিয়ে ৭১০ জনের এই নিলাম তালিকায় বাংলাদেশিদের উপস্থিতি যথেষ্টই বলা চলে।
আগে খেলোয়াড় বাছাই হতো খসড়া পদ্ধতিতে। তবে ষষ্ঠ আসরকে সামনে রেখে এবার চালু হয়েছে সরাসরি নিলাম পদ্ধতি। পুরুষদের নিলাম অনুষ্ঠিত হবে ১২ মার্চ, আর নারীদের প্রতিযোগিতার নিলাম হবে ১১ মার্চ। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, ১৮টি দেশের প্রায় এক হাজার ক্রিকেটার এবারের নিলামে নিবন্ধন করেছেন।
এমআই