দক্ষিণ আফ্রিকার স্কোয়াডে জায়গা পেলেন ৪ ভাই!
খেলা ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১৮
নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে চমক জাগানো দল ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে জায়গা পেয়েছেন একসঙ্গে চার ভাই, দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে যা বিরল এক ঘটনা। অবশ্য এক ঘরের চার ভাই নয়, বরং দুই ঘর থেকে খেলবেন দুই জোড়া ভাই।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার মাত্র এক সপ্তাহ পরই কিউইদের বিপক্ষে শুরু হবে নতুন সিরিজ। সেই অভিযানে দলকে নেতৃত্ব দেবেন বাঁহাতি স্পিনার কেশভ মহারাজ। মূল স্কোয়াডের বেশ কয়েকজন বিশ্রামে থাকায় নতুন মুখদের জন্য খুলে গেছে আন্তর্জাতিক দরজা।
দল ঘোষণায় পাঁচজন নতুন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে—কনর এসটারহুজেন, ডিয়ান ফোরেস্টার, জর্ডান হারমান, ইথান বশ ও এনকোবানি মকোএনা। এর মধ্যে জর্ডান হারমান জাতীয় দলে আগে থেকেই থাকা রুবিন হারমানের ভাই। আর ইথান বশ হলেন কারবিন বশের ছোট ভাই। ফলে হারমান ও বশ, দুই পরিবার থেকেই দুই ভাই একত্রে খেলবেন।
মাত্র ১৯ বছর বয়সী এনকোবানি মকোএনা নজর কাড়েন ২০২৬ দক্ষিণ আফ্রিকা টি–টোয়েন্টি লিগে। তিনি যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন। পাৰ্ল রয়্যালসের হয়ে ১৩ উইকেট শিকার করেন এই বোলার, যেখানে প্রতি উইকেট নিতে ১৪ বল ব্যয় করেছেন মকোএনা। যা নির্বাচকদের আস্থা জিততে যথেষ্ট।
দলের প্রধান কোচ শুকরি কনরাড বলেছেন, বিশ্বকাপ-পরবর্তী এই সিরিজে মূল দলের বেশিরভাগ খেলোয়াড় দেশে ফিরবেন। ফলে নতুনদের জন্য আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রমাণের সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচের এই সিরিজ শুরু হবে ১৫ মার্চ, যা শেষ হবে ২৫ মার্চ।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড
কেশভ মহারাজ (অধিনায়ক), ওটনেইল বার্টম্যান, ইথান বশ, জেরাল্ড কোয়েৎজি, টনি ডি জর্জি, কনর এসটারহুজেন, ডিয়ান ফোরেস্টার, জর্ডান হারমান, রুবিন হারমান, জর্জ লিন্ডে, এনকোবানি মকোএনা, আন্দিলে সিমেলান, লুথো সিপামলা, প্রেনেলান সুব্রায়েন ও জেসন স্মিথ।
এমআই