‘আমি কোমায় যাই নাই’
খেলা ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০৭
নিরাপত্তা ইস্যুতে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। সেই সিদ্ধান্তের পর দুইজন ক্রিকেটার নাকি কোমায় চলে গিয়েছিল বলে মন্তব্য করেছিলেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। এমনকি পাঁচ দিন পর তাদের খুঁজে পাওয়া যায়। যদিও তিনি কথাটি আক্ষরিক অর্থে বলেননি, ছিল হতাশার রূপক প্রকাশ।
এরপর থেকেই শুরু হয় জল্পনা। সামাজিক মাধ্যমে ঘুরতে থাকে নানা নাম। অনেকেই ধারণা করেন, প্রথমবার বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাওয়া সাইফ হাসানই হয়তো সেই দুইজনের একজন। বিশ্বকাপ খেলতে না পারায় গতকাল ফেসবুক পোস্টও দিয়েছিলেন সাইফ। তাতে সন্দেহের বাতিক আরও গভীর হয়েছে।
এবার সেই ইস্যু নিয়ে মুখ খুললেন সাইফ হাসান। তিনি বলেন, ‘জানি না স্যার কাকে নিয়ে বলেছে। কিন্তু আমি না, বিশ্বকাপ না খেলায় আমি কোমায় যাই নাই।’
বিশ্বকাপের কোনো ম্যাচই দেখছেন না তিনি। বরং নিজেকে সামলে ভবিষ্যতের দিকে তাকাচ্ছেন। সাইফ বলেন, ‘সত্যি কথা বলতে বিশ্বকাপের কোনো ম্যাচ দেখিনি। আর নিজেকে ওভাবে মোটিভেট করার চেষ্টা করছি, এখন চেষ্টা থাকবে সামনে যে সিরিজগুলো আছে, যদি সুযোগ পাই অবশ্যই নিজেকে মেলে ধরার। আর নিজেকে একটা ভালো অবস্থায় আনার।’
পেশাদার ক্রিকেটার হিসেবে হতাশা দ্রুত ঝেড়ে ফেলার কথাও বলেছেন তিনি। সাইফ আরও বলেন, ‘একজন পেশাদার ক্রিকেটার হিসেবে আপনি যত তাড়াতাড়ি ঘুরে দাঁড়াতে পারবেন ওটাই আপনার জন্য ভালো। আমাদের চেষ্টা এটাই ছিল যত তাড়াতাড়ি আমরা ঘুরে দাঁড়াতে পারি। আর ভালো ব্যাপার যে একটা ব্রেক ছিল, সেটা ভালোমতো কাজে লাগাতে পারছি।’
বিশ্বকাপের হতাশা ঝেড়ে টাইগারদের চোখ এখন পাকিস্তান সিরিজে। আগামী মাসেই পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ইতোমধ্যে সেই সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি। ডানহাতি সাইফ হাসান ওয়ানডে দলেও খেলে থাকেন। পাকিস্তান সিরিজের প্রস্তুতি হিসেবে খেলবেন বিসিএলের ওয়ানডে ম্যাচ।
রাজশাহী ও বগুড়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্ট নিয়ে সাইফ বলেন, ‘রাজশাহীর উইকেট সবসময় ভালো থাকে, বগুড়ায় ভালো উইকেট থাকে। আমার মনে হয় এটা নির্ভর করে আসলে কোন দিনে কেমন থাকে, এটা অ্যাডজাস্ট করাটা খুব গুরুত্বপূর্ণ।’
এমআই