Advertisement
Us Bangla Airlines
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছে বাংলাদেশ

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছে বাংলাদেশ

খেলা ডেস্ক

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৯

বছরের শেষভাগে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। নভেম্বর-ডিসেম্বরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ দল। দুই টেস্ট, তিন একদিনের আন্তর্জাতিক ও তিন টি-টোয়েন্টি—মোট আট ম্যাচের ব্যস্ত সূচি প্রকাশ করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে দক্ষিণ আফ্রিকা। সুপার এইটে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ৭৬ রানের জয়ে টানা পাঁচ ম্যাচে জয় তুলে নিয়েছে তারা। এই আত্মবিশ্বাসের আবহেই ২০২৬-২৭ মৌসুমের আন্তর্জাতিক সূচি ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

বাংলাদেশের সফর শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। ১৫ নভেম্বর জোহানেসবার্গে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট ২৩ থেকে ২৭ নভেম্বর। এই দুই টেস্টই আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

লাল বলের লড়াই শেষে শুরু হবে সাদা বলের উত্তেজনা। ১, ৪ ও ৭ ডিসেম্বর তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজ। এরপর ১০ থেকে ১৩ ডিসেম্বর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শেষ হবে সফর।

ক্রিকেট সাউথ আফ্রিকার প্রধান নির্বাহী ফোলেতসি মোসেকি জানিয়েছেন, অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে আতিথ্য দিতে মুখিয়ে আছে তারা। তাঁর ভাষায়, প্রতিটি একদিনের আন্তর্জাতিক সিরিজই ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতির অংশ। শুধু আয়োজক হিসেবে নয়, শিরোপার দাবিদার দল হিসেবেও নিজেদের প্রস্তুত করাই তাদের লক্ষ্য।

দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের সামনে তাই বড় চ্যালেঞ্জ। বিশ্বকাপে সরাসরি অংশ নিতে এই সিরিজে জয় বেশ গুরুত্বপূর্ণ।

এমআই