বিসিএলের উদ্বোধনী দিনেই ২ সেঞ্চুরি, ৬ ফিফটি
খেলা ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪৮
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে সংস্করণের খেলা আজই শুরু হয়েছে। এতে উত্তরাঞ্চলের দর্শকরা পেয়েছেন রোমাঞ্চের ফোয়ারা। রাজশাহী ও বগুড়া দুই ভেন্যুতেই ইনিংস ঝড়ের দেখা মিলেছে। রানের ফোয়ারায় উদ্বোধনী দিনেই দুইটি সেঞ্চুরি এবং ছয়টি ফিফটির সাক্ষী হয়েছে সমর্থক-ভক্তরা।
ভেন্যু রাজশাহী: মধ্যাঞ্চল বনাম দক্ষিণাঞ্চলের ম্যাচে তিন অর্ধশতকে ২৬৪ রান সংগ্রহ করে মধ্যাঞ্চল। নাঈম শেখ ৭৬ বলে ৬৯, মাহফিজুল রবিন ৭৬ বলে ৬৩ এবং মাহিদুল ইসলাম অঙ্কন ৭৩ বলে ৬৭ রান করেন। জবাব দিতে নেমে আফিফ হোসেন ১০০ রানে সেঞ্চুরি করেন, আর মোহাম্মদ মিঠুন ৭২ রান করে অপরাজিত থাকেন।
এই জুটিতে ৪.৩ ওভার হাতে রেখে ৭ উইকেটে দক্ষিণাঞ্চল জয় নিশ্চিত করে। এই ম্যাচে বোলারদের মধ্যে কেউই তার বিশেষত্ব দেখাতে পারেননি।
ভেন্যু বগুড়া: নর্থ জোন বনাম ইস্ট জোনের ম্যাচে নির্ধারিত ৫০ ওভার শেষে নর্থ জোন ৩৩৫ রান সংগ্রহ করে। দলের হয়ে আকবর আলি ১১১ রান করে লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম সেঞ্চুরি পান। নাজমুল হোসেন শান্ত ও তানজিদ তামিমও অর্ধশতক করে দলের বড় সংগ্রহ গড়ে দেন। জবাবে ইস্ট জোন ২৮১ রানে অলআউট হয়ে ৫৪ রানে হারে।
বল হাতে এই ম্যাচে খরুচের খাতায় নাম লিখিয়েছেন পেসার সাইফউদ্দিন। ১০ ওভারের স্পেলে তিনি খরচ করেন ৯৮ রান। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশি বোলারদের মধ্যে পঞ্চম খরুচে বোলিং এটি। অন্যদিকে নর্থ জোনের রিশাদ হোসেন একাই শিকার করেন ৪ উইকেট।
উদ্বোধনী দিনের রোমাঞ্চই ইঙ্গিত দেয়, চলতি বিসিএল মৌসুমটি হবে প্রতিটি ম্যাচে দর্শকপ্রিয় এবং উত্তেজনাপূর্ণ। বগুড়া আর রাজশাহীর উইকেটে খেলা হওয়ায় রান বন্যারও দেখা মিলবে।
এমআই