Advertisement
Us Bangla Airlines
মালিঙ্গাকে ছাড়িয়ে বিশ্বরেকর্ড গড়লেন জিম্বাবুয়ের বোলার

মালিঙ্গাকে ছাড়িয়ে বিশ্বরেকর্ড গড়লেন জিম্বাবুয়ের বোলার

খেলা ডেস্ক

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৪৩

নয় বছর ধরে অক্ষত ছিল রেকর্ডটি। স্লিং অ্যাকশনের জাদুতে ব্যাটারদের কাঁপিয়ে দেওয়া লাসিথ মালিঙ্গার সেই কীর্তি অবশেষে ভাঙল। তাতেই ইতিহাস গড়লেন জিম্বাবুয়ের পেসার ব্র্যাড ইভান্স। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে টানা ২৮ ম্যাচে উইকেট নিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন এই পেসার।

এর আগে মালিঙ্গার দখলে ছিল টানা ২৭ ম্যাচে উইকেট নেওয়ার রেকর্ড। যার মধ্যে ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে তাঁর স্মরণীয় হ্যাটট্রিকও রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো মালিঙ্গার সেই রেকর্ড ভাঙতে অনেকে এগিয়ে গিয়েও ব্যর্থ হয়েছেন। এবার সেটাই করে দেখালেন জিম্বাবুয়ের বোলার।

মুম্বাইয়ের ঐতিহ্যবাহী ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ডটি নিজের করে নেন ইভান্স। ইনিংসের ষষ্ঠ ওভারের পঞ্চম বলে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপকে আউট করেই ইতিহাসে নাম লেখান তিনি। ডিপ মিডউইকেট থেকে দৌড়ে এসে ব্রায়ান বেনেটের দুর্দান্ত ডাইভিং ক্যাচে সম্পূর্ণ হয় সেই মুহূর্ত।

এই তালিকায় মালিঙ্গার সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন আয়ারল্যান্ডের রস অ্যাডাইর, যিনি ২০২৪ থেকে ২০২৬ পর্যন্ত টানা ২৭ ম্যাচে উইকেট নিয়েছেন। আর তৃতীয় স্থানে পাকিস্তানের স্পিনার উসমান তারিক। টানা ২৫ ম্যাচে উইকেট শিকার তাঁর। বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে টানা উইকেট পেলে তিনি গড়বেন বিশ্ব রেকর্ড।

তবে ব্যক্তিগত সাফল্যের দিনে দলীয় পারফরম্যান্সে হাসতে পারেননি ইভান্স। টস হেরে আগে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ তোলে ৬ উইকেটে ২৫৪ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে এত রান তাড়া করে কোনো দল জয় পেয়েছিল কেবল একবার। জিম্বাবুয়েও যে সেই বেড়াজালে ব্যর্থ হচ্ছে, স্কোরকার্ড দেখে তা অনুমেয় মনে হচ্ছে।

এমআই