বিগ ব্যাশে নিশ্চিত তিন দল, বাংলাদেশ থেকে যাচ্ছে কারা?
খেলা ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪২
বিশ্ব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন মাত্রা যোগ করা গ্লোবাল সুপার লিগের আগামী আসর শুরু হচ্ছে ২৩ জুলাই। পাঁচ দলের এই টুর্নামেন্টের ফাইনাল ১ আগস্ট। ইতিমধ্যে তিনটি দল নিশ্চিত করেছে অংশগ্রহণ। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ চ্যাম্পিয়ন পার্থ স্কচার্স, স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স এবং সংযুক্ত আরব আমিরাতের লিগ চ্যাম্পিয়ন ডেজার্ট ভাইপার্স।
এখন আলোচনায় বড় প্রশ্ন, বাংলাদেশের কোনো দল কি এবার খেলবে? সাধারণত ফ্র্যাঞ্চাইজির চ্যাম্পিয়ন দলগুলো গ্লোবাল সুপার লিগে খেলে থাকে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে গত মৌসুমে খেলেছিল রংপুর রাইডার্স। সবশেষ বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল রাজশাহী ওয়ারিয়র্স। তবে তাদের অংশগ্রহণ নিয়ে থাকছে নানান শঙ্কা ও অনিশ্চয়তা।
রাজশাহীর জন্য সূচি জটিলতা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। আগস্টের মাঝামাঝি সময়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ফলে শান্ত-মুশফিকরা এই লিগে অংশ নিতে পারবেন কি না, তা অনিশ্চিত। গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের আগে ক্রিকেটারদের টি-টোয়েন্টি খেলতে ছাড়পত্র দেওয়া হবে কি না, সেটিও প্রশ্নের।
বিগ ব্যাশ জিতে জায়গা পাওয়া পার্থ স্কচার্স এবার পাচ্ছে না তাদের প্রধান কোচ অ্যাডাম ভোজেসকে। ইংল্যান্ডের দ্য হান্ড্রেডে দায়িত্ব থাকায় তিনি গায়ানার আসরে থাকছেন না। তার পরিবর্তে দায়িত্ব নিচ্ছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার সাইমন ক্যাটিচ। খেলোয়াড়ি জীবনে যেমন নেতৃত্ব দিয়েছেন, কোচ হিসেবেও তেমনি অভিজ্ঞ এই সাবেক ব্যাটার।
জিএসএলের প্রথম দুই আসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছে রংপুর রাইডার্স। প্রথম মৌসুমে শিরোপাও জিতেছিল তারা। এবার খেলতে আগ্রহ দেখিয়েছে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স। তবে তাদের অংশগ্রহণ নির্ভর করছে আয়োজকদের আমন্ত্রণের ওপর।
এমআই