বাংলাদেশের সাবেক কোচকে নিয়োগ দিলো আফগানিস্তান
খেলা ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩৬
বিশ্বকাপে হতাশাজনক বিদায়ের পর নেতৃত্বে পরিবর্তন আনল আফগানিস্তান ক্রিকেট। জাতীয় দলের প্রধান প্রশিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ইংল্যান্ডের অভিজ্ঞ কোচ রিচার্ড পাইবাসকে। চার বছর দায়িত্বে থাকা জনাথন ট্রটের স্থলাভিষিক্ত হলেন তিনি। নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে কাজ করছেন পাইবাস। ১৯৯৯ সালের বিশ্বকাপে পাকিস্তান দলকে ফাইনালে তোলার পেছনে ছিল তার গুরুত্বপূর্ণ ভূমিকা। পরে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সঙ্গে দীর্ঘ সময় যুক্ত ছিলেন। তার দায়িত্ব পালনকালে ২০১৬ সালে দেশটির পুরুষ, নারী ও অনূর্ধ্ব-১৯ দল বিশ্ব শিরোপা জিতেছিল।
২০১৮ সালে উচ্চ দক্ষতা কার্যক্রমের পরিচালক হিসেবে দায়িত্ব নেন তিনি। পরের বছর অন্তর্বর্তীকালীন প্রধান প্রশিক্ষকের দায়িত্বও পালন করেন। দল গঠন, প্রতিভা বিকাশ এবং কাঠামো উন্নয়নে তার অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েই আফগান বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশের সঙ্গেও তার একটি সংক্ষিপ্ত অধ্যায় রয়েছে। ২০১২ সালে স্বল্প সময়ের জন্য জাতীয় দলের প্রধান প্রশিক্ষক ছিলেন পাইবাস। তবে নানা বিতর্কে সেই দায়িত্ব দীর্ঘস্থায়ী হয়নি।
আফগানিস্তানের হয়ে তার প্রথম পরীক্ষা হবে সংযুক্ত আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের সিরিজ। ১৩ মার্চ শারজাহে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে লড়াই। বিশ্বকাপের হতাশা কাটিয়ে দলকে নতুনভাবে গড়ে তোলাই এখন তার প্রধান চ্যালেঞ্জ।
ট্রটের অধীনে আফগানিস্তান সীমিত ওভারের ক্রিকেটে কিছু উল্লেখযোগ্য সাফল্য পেয়েছিল। সেই ভিতের ওপর দাঁড়িয়ে দলকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এবার অভিজ্ঞ এই কোচের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। দেখার পালা, নতুন কোচের অধীনে কতটা দ্রুত ঘুরে দাঁড়াতে পারে আফগানিস্তান।
এমআই