Advertisement
Us Bangla Airlines
বিপিএলের তিন দলের অধিনায়ক চূড়ান্ত

বিপিএলের তিন দলের অধিনায়ক চূড়ান্ত

খেলা ডেস্ক

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০৪

নারী বিপিএল মাঠে গড়ানোর আগেই নেতৃত্বের চিত্র স্পষ্ট করে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের তিন ক্রিকেটার নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার ও সোবহানা মোস্তারি আইকন ক্রিকেটার হিসেবে থাকছেন এবং তারাই নেতৃত্ব দেবেন তিনটি ফ্র্যাঞ্চাইজিকে। বিষয়টি নারী বিভাগের শীর্ষ এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

চলতি মাসেই তিন ফ্র্যাঞ্চাইজি নিয়ে নারী বিপিএল আয়োজনের ঘোষণা দেয় বিসিবি। আগামী ৪ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে এই আসর। ম্যাচগুলো হবে মিরপুরের শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। সবকিছু ঠিক থাকলে মার্চের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট।

আইকন ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১০ লাখ টাকা। দ্বিতীয় সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরিতে থাকবেন ৬ জন ক্রিকেটার, যেখান থেকে প্রতিটি দল দুজন করে নেবে এবং তাদের পারিশ্রমিক ৭ লাখ টাকা। ‘বি’ ক্যাটাগরিতে ১৫ জন ক্রিকেটারের জন্য পারিশ্রমিক ৫ লাখ টাকা করে নির্ধারিত হয়েছে।

‘সি’ ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ৩ লাখ টাকা এবং ‘ডি’ ক্যাটাগরিতে পারিশ্রমিক দেড় লাখ টাকা।

ড্রাফটের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো চাইলে বিদেশি ক্রিকেটারদের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে। আগ্রহের ভিত্তিতে বিদেশিদের ড্রাফটেও রাখা হতে পারে। বিদেশি খেলোয়াড়দের সম্ভাব্য পারিশ্রমিক কাঠামো নির্ধারণ করা হয়েছে—‘এ’ ক্যাটাগরিতে ৮ হাজার মার্কিন ডলার, ‘বি’ ক্যাটাগরিতে ৬ হাজার মার্কিন ডলার এবং ‘সি’ ক্যাটাগরিতে ৩ হাজার মার্কিন ডলার।

এমআই