‘বিশ্বকাপ না খেলায় আমাদের ক্রিকেট ২০ বছর পিছিয়ে গেছে’
খেলা ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩৫
বিশ্ব ক্রিকেট যখন উত্তেজনায় টগবগ করছে, তখন সেই মহারণে নেই বাংলাদেশ। ভারতের মাটিতে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বিশ্বকাপে অংশ নেয়নি টাইগাররা। বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ আয়োজনের প্রস্তাব দিলেও তা গ্রহণ করেনি আইসিসি। ফলে বিশ্বমঞ্চে বাংলাদেশের অনুপস্থিতি ঘিরে ক্রীড়াঙ্গনে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
এই প্রেক্ষাপটে তীব্র মন্তব্য করেছেন বিপিএলের ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। তাঁর মতে, বিশ্বকাপে না খেলতে পারা দেশের ক্রিকেটকে বহু বছর পেছনে ঠেলে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় এ কথা জানান তিনি।
মিজান বলেন, ‘আমাদের খেলোয়াড়রা এবার বিশ্বকাপ খেলতে পারেনি। দেশি ও বিদেশি কিছু চক্রের প্রতারণার শিকার হয়েছি আমরা। আমাদের ভুল বুঝিয়ে খেলা থেকে বঞ্চিত করা হয়েছে। বিশ্বকাপ না খেলে আমাদের ক্রিকেট অন্তত ২০ বছর পিছিয়ে গেছে।’
মিজানুর রহমান বলেন, ‘আমরা আগেই জানিয়েছিলাম, এ বছর বিপিএলে খেলছি না। সময় স্বল্পতা ছিল। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটি কাঠামোগতভাবে বৈধ ছিল না। সে কারণেই ফরচুন বরিশালের নাম প্রত্যাহার করেছি।’ তাঁর প্রত্যাশা, সুশৃঙ্খল ও গ্রহণযোগ্য বোর্ড গঠন হলে আবারও বিপিএলের মঞ্চে ফিরবে বরিশাল।
‘আমরা সবাই মিলে আমাদের পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনি। ক্রিকেটের যে পুনর্জাগরণ হয়েছিল, তাকে আবার জাগিয়ে তুলি। একটি সুন্দর বোর্ড উপহার দিন, যেন আমরা আগামী বছর খেলতে পারি—এই প্রত্যাশাই রাখছি,’—যোগ করেন মিজান।
এমআই