Advertisement
Us Bangla Airlines
নাহিদ-শরিফুলের আগুনে বোলিং, লিটনের ব্যাটে রান

নাহিদ-শরিফুলের আগুনে বোলিং, লিটনের ব্যাটে রান

খেলা ডেস্ক

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩২

রাজশাহীর শান্ত সকালটাকে মুহূর্তে রণক্ষেত্র বানিয়ে দিলেন নাহিদ রানা ও শরিফুল ইসলাম। নতুন বল হাতে দুজনের আগুনঝরা স্পেলে শুরুতেই ভেঙে চুরমার সাউথ জোনের ব্যাটিং। পরে লিটন কুমার দাসের ঠান্ডা মাথার ব্যাটিংয়ে সহজ জয় তুলে নিয়ে ফাইনালের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেল নর্থ জোন।

বৃহস্পতিবার রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে টস জিতে সাউথ জোনকে ব্যাটিংয়ে শান্তর দল। অধিনায়কের সিদ্ধান্তকে যর্থাথ প্রমাণ করেন শরিফুলরা। মাত্র ৪ ওভারেই শিকার করেন প্রতিপক্ষের চার উইকেট। তাতে ১৪৫ রানে সব উইকেট হারায় সাউথ জোন। জবাবে ২৪ ওভার হাতে রেখেই লক্ষ্য পেরিয়ে যায় শান্ত-লিটনরা।

গতি আর সুইংয়ের মিশেলে ম্যাচের শুরুতেই ভয়াল চাপ তৈরি করেন নাহিদ-শরিফুল। তাতে প্রথম চার ওভারেই আনিসুল ইসলাম ইমন, সৌম্য সরকার, জাওয়াদ আবরার ও আফিফ হোসেন ধ্রুব বিদায় নেন। ধ্বংসস্তূপের ভেতর থেকে দলকে টেনে তুলতে চেষ্টা করেন মোহাম্মদ মিথুন।

অধিনায়ক নুরুল হাসান সোহানের সঙ্গে গড়েন ৫০ রানের জুটি। তবে নাহিদ নতুন স্পেলে ফিরে সেই জুটি ভাঙেন। ২৪ রান করে ফেরেন সোহান। এরপর রবিউল হকের সঙ্গে ৫১ রানের আরেকটি জুটি গড়েন মিঠুন। রবিউল ২২ বলে ২৯ রানের ঝলমলে ইনিংসে মারেন ২ চার ও ২ ছক্কা।

শেষ পর্যন্ত ৬ চার ও ১ ছক্কায় ৭৯ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন মিথুন। তাঁর লড়াইয়ে সাউথ জোন পৌঁছায় ১৪৫ রানে। কিন্তু শুরুতে যে ধাক্কা, তা সামাল দেওয়ার মতো পুঁজি আর জোটেনি। বল হাতে নাহিদ ও এসএম মেহেরব হাসান নেন ৩টি করে উইকেট। শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম মুগ্ধ যোগ করেন ২টি করে।

রান তাড়ায় শুরুটা অবশ্য সহজ ছিল না। প্রথম ওভারে ১৭ রান দিলেও পরের দুই ওভারে হাবিবুর রহমান সোহান, তানজিদ হাসান তামিম ও শান্তকে ফিরিয়ে দেন মোস্তাফিজুর রহমান। ৩৭ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচে উত্তেজনার সৃষ্টি করেন এই বোলার।  কিন্তু সেই উত্তেজনা দ্রুতই স্তিমিত করেন লিটন ও তাওহিদ হৃদয়।

চতুর্থ উইকেটে তাদের ৮০ রানের জুটি ম্যাচটিকে একতরফা করে তোলে। হৃদয় ৪৬ বলে ৩৩ রান করে বিদায় নিলেও কাজ সেরে যান। শেষ হাসিটা লিটনের। ৬৫ বলে ৫৫ রানে অপরাজিত থেকে নিশ্চিত করেন জয়। ইনিংসে ছিল ৩টি চার ও ১টি ছক্কা। ছয় নম্বরে নেমে আকবর আলি ২২ বলে ১৯ রানের কার্যকর অবদান রাখেন।

মোস্তাফিজ ৫ ওভারে ২৩ রান দিয়ে নেন ৩ উইকেট, কিন্তু তা কেবল পরিসংখ্যানেই সীমাবদ্ধ। দুই ম্যাচে দুই জয় নিয়ে নর্থ জোন এখন ফাইনালের খুব কাছে। শেষ ম্যাচে বড় ব্যবধানে হার এড়াতে পারলেই ৩ মার্চের শিরোপা নির্ধারণী লড়াইয়ে দেখা যাবে শান্ত, নাহিদ ও লিটনদের।

এমআই