Advertisement
Us Bangla Airlines
বেতন কাঠামোর আওতায় আসছেন জামাল-হামজারা

বেতন কাঠামোর আওতায় আসছেন জামাল-হামজারা

খেলা ডেস্ক

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪৩

বাংলাদেশ ফুটবলে দীর্ঘদিনের আর্থিক অনিশ্চয়তার গল্পে এবার আশার আলো। জাতীয় দলের ফুটবলারদের স্থায়ী বেতন কাঠামোর আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক স্পষ্ট করে জানিয়েছেন, জামাল-হামজাদের পাশাপাশি নারী দলের ফুটবলারদের মাসিক ভিত্তিতে সরকারি চুক্তির আওতায় আনা হবে।

বর্তমানে বাংলাদেশের পুরুষ জাতীয় ফুটবল দলে নেই কোনো ম্যাচ ফি। জাতীয় দলের ক্যাম্পে ডাক পেলেও ফুটবলাররা পান মাত্র ২০-২৫ হাজার টাকা, যা আন্তর্জাতিক মানের তুলনায় খুবই সামান্য। বিশ্বজুড়ে ফুটবলাররা ক্লাব থেকে বিপুল অর্থ আয় করলেও জাতীয় দলে অনেকেই খেলেন সম্মান ও দেশের জন্য। বাংলাদেশেও তাই।

দায়িত্ব নেওয়ার পরপরই বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের সঙ্গে বৈঠকে বেতন কাঠামোর বিষয়টি সামনে আনেন প্রতিমন্ত্রী। আজ বাফুফের সঙ্গে বিশেষ বৈঠক শেষে তিনি বলেন, মেয়েদের দল ধারাবাহিক সাফল্য এনে দিচ্ছে, তাদের প্রণোদনা যেমন প্রয়োজন, তেমনি পুরুষ দলকেও কাঠামোবদ্ধ আর্থিক নিরাপত্তার মধ্যে আনতে হবে।

নারী ফুটবলাররা ইতিমধ্যে বাফুফের মাসিক বেতনের আওতায় থাকলেও তা মাঝে মাঝে অনিয়মিত হয়েছে। সরকারের নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে ঋতুপর্ণাদের পাশাপাশি জামাল-হামজারাও পাবেন নির্দিষ্ট বেতন কাঠামো। এতে ফুটবলারদের পেশাদার মানসিকতা ও স্থিতিশীলতা বাড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

অবকাঠামো উন্নয়নেও নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ফিফার অনুদানকে কাজে লাগিয়ে তিনটি ভেন্যু ব্যবহারের জন্য সরকারের কাছে আবেদন করেছে বাফুফে। আলোচনার পর কমলাপুর স্টেডিয়াম, সিলেট স্টেডিয়াম ও চট্টগ্রাম স্টেডিয়াম চুক্তির ভিত্তিতে ফেডারেশনের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হবে।

বয়সভিত্তিক ফুটবল চালু রাখতেও ক্যালেন্ডার প্রণয়নের কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী। জেলা পর্যায়ে লিগ নিয়মিত করতে এবং আন্তঃজেলা প্রতিযোগিতা স্থায়ী রূপ দিতে উদ্যোগ নেওয়া হবে। ফুটবলের শিকড় মজবুত করতে তৃণমূল কাঠামোকে সক্রিয় করার ওপর জোর দিয়েছেন তিনি।

এমআই