Advertisement
Us Bangla Airlines
‘রমজানের বরকতই পাকিস্তানকে সেমিফাইনালে তুলতে পারে’

‘রমজানের বরকতই পাকিস্তানকে সেমিফাইনালে তুলতে পারে’

খেলা ডেস্ক

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২২

ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে হারের পরও পাকিস্তানের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা টিকে আছে। সমীকরণ স্পষ্ট ছিল, নিউজিল্যান্ডের কাছে ইংল্যান্ড হারলে পাকিস্তানের বিদায় নিশ্চিত হতো। আজ শনিবার পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান, এই ম্যাচ জিতে সেমিফাইনালে যেতে পারবে বাবর আজমরা।

পাকিস্তানের জন্য নেট রানরেটের হিসাবও জটিল হয়ে দাঁড়িয়েছে। শ্রীলঙ্কাকে হারালে পাকিস্তানেরও নিউজিল্যান্ডের সমান ৩ পয়েন্ট হবে। তখন পার্থক্য নির্ধারিত হবে রানরেটের ভিত্তিতে। বর্তমানে নিউজিল্যান্ড এগিয়ে আছে +১.৩৯০ নেট রানরেটে, পাকিস্তান পিছিয়ে আছে -০.৪৬১। 

তাই পাকিস্তানকে জিততে হবে কেবল জয় নয়, নির্দিষ্ট ব্যবধান ও গড়ের হিসেব মাথায় রেখেই। আগে ব্যাট করলে পাকিস্তানকে জিততে হবে ন্যূনতম ৬৪ রানে। পরে ব্যাট করলে জিততে হবে ১৩.১ ওভারের মধ্যে। তবে পাকিস্তানের সাবেক তারকা ও ধারাভাষ্যকার রমিজ রাজা মনে করছেন, কেবল পরিসংখ্যান যথেষ্ট নয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘পাকিস্তান কীভাবে কোয়ালিফাই করবে? ৬৫ রানের জয় বা ১৩ ওভারের মধ্যে টার্গেট পূরণ নয়, শুধু রমজানের বরকতই পারে পাকিস্তানকে সেমিফাইনালে তুলতে।’

আজকের ম্যাচে পাকিস্তান হেরে গেলে নিউজিল্যান্ড সেমিফাইনালে পৌঁছে যাবে স্বাভাবিকভাবেই। আবার পাকিস্তান নির্দিষ্ট ব্যবধান বা ওভারের মধ্যে জয় নিশ্চিত করতে না পারলেও নিউজিল্যান্ডের জায়গা সেমিতে। তাই সালমান আগার দলের জন্য আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় অপেক্ষা করছে কঠিন পরীক্ষা।

এমআই