Advertisement
Us Bangla Airlines
শান্তদের হারিয়ে বিসিএলে চ্যাম্পিয়ন তাসকিন-সৈকতরা

শান্তদের হারিয়ে বিসিএলে চ্যাম্পিয়ন তাসকিন-সৈকতরা

খেলা ডেস্ক

০৩ মার্চ ২০২৬, ২২:১৪

মিরপুরে ২৩৯ রানের লক্ষ্য আধুনিক ওয়ানডে ক্রিকেটে খুব বড় কিছু নয়। কিন্তু মিরপুর মাঠ বলে ভিন্ন আশা করা যায়। এখানে রান তাড়া মানেই হিসাবি লড়াই। সেই চ্যালেঞ্জকেই সহজ করে দিলেন নাঈম শেখ ও সাইফ হাসান। তাঁদের দুর্দান্ত ব্যাটিংয়ে নর্থ জোনের বিপক্ষে ৫ উইকেটের জয়ে শিরোপা ঘরে তুলেছে সেন্ট্রাল।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৩ বলে ২৩৮ রানে অলআউট হয় নর্থ জোন। ইনিংসের ভরকেন্দ্র ছিলেন তাওহীদ হৃদয়। ৯৮ বলে খেলেছেন ৯৬ রানের ঝকঝকে ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে নাইম-সাইফের ব্যাটেই জয়ের ভিত গড়ে সেন্ট্রাল জোন। শেষদিকে উইকেট হারালেও ৭২ বল হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়েন সৈকতরা।

শুরুর ধাক্কা সামলে শান্ত ও হৃদয়ের ৫২ রানের জুটি দলকে এগিয়ে নেয়। উদ্বোধনী জুটিতে ২২ রান যোগ হলেও ৫ রান করে ফেরেন হাবিবুর রহমান সোহান। আরেক ওপেনার তানজিদ তামিম করেন ২২ বলে ২৩। মাঝের দিকে এসএম মেহেরাব হোসেনের ২৮ ও সাব্বির রহমানের ৪৩ বলে ২৪ রানের ইনিংস দলকে আড়াইশর কাছাকাছি নিতে পারেনি।

জবাবে শুরুটা মসৃণ ছিল না সেন্ট্রালের। ১৪ রান করে ফিরে যান জিশান আলম। কিন্তু এরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন নাঈম ও সাইফ। দ্বিতীয় উইকেটে তাঁদের ১৬৪ রানের জুটি কার্যত শিরোপার পথ মসৃণ করে দেয়। নাঈম ৮৭ বলে ৭৮ রানের পরিপাটি ইনিংস খেলেন। সাইফ আরও আগ্রাসী, ৭৮ বলে ৮৭ রান করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন।

দুজনের বিদায়ের পর মাহিদুল ইসলাম অঙ্কন ও ইরফান শুক্কুর দ্রুত ফিরলেও তাতে জয়ের সমীকরণ বদলায়নি। চারে নেমে মাহফিজুল ইসলাম রবিন শেষ কাজটা সেরে মাঠ ছাড়েন।

৩৮ ওভারেই ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় সেন্ট্রাল। মিরপুরের ধীর উইকেটে যেখানে ২৩৯ রানও হয়ে ওঠে চ্যালেঞ্জ, সেখানে নাঈম–সাইফের ব্যাটই হয়ে উঠল পার্থক্য গড়ে দেওয়া গল্প।

এমআই