Advertisement
Us Bangla Airlines
বিসিবি থেকে সম্মান না পেলে বড় সিদ্ধান্ত নেবেন বিজয়

বিসিবি থেকে সম্মান না পেলে বড় সিদ্ধান্ত নেবেন বিজয়

খেলা ডেস্ক

০৩ মার্চ ২০২৬, ২২:৫২

২০২৫ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ পাতানো সংক্রান্ত সন্দেহের তালিকায় নাম উঠেছিল এনামুল হক বিজয়ের। সেই কারণেই সর্বশেষ আসরে আরও কয়েকজন ক্রিকেটারের সঙ্গে তাকেও খেলার বাইরে রাখা হয়; খেলোয়াড় বাছাই প্রক্রিয়াতেও ছিল না তাঁর নাম।

যদিও এ বিষয়ে পরে বিস্তারিত কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শোনা গিয়েছিল, ওই প্রতিযোগিতায় না খেললেও অন্যান্য ঘরোয়া লিগে অংশ নিতে পারবেন বিজয়। তবে বিসিএলে দেখা যায়নি তাকে। দীর্ঘ নীরবতার পর অবশেষে নিজেই মুখ খুললেন এই ডানহাতি ব্যাটার।

মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে বিজয় সাফ জানিয়ে দেন, সম্মান ফিরে না পেলে আর ক্রিকেট খেলবেন না। বিজয় বলেন, ‘সম্মানের জন্যই এত দিন ক্রিকেট খেলেছি, টাকার জন্য নয়। আমি আমার সম্মান (বিসিবি থেকে) ফেরত চাই। সম্মান না পেলে আর ক্রিকেট খেলব না।’

সন্দেহের তালিকায় নাম ওঠা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার সঙ্গে অন্যায় হয়েছে। আমাকে সন্দেহের তালিকায় রাখা হয়েছিল। এখন বলা হচ্ছে বিষয়টি ঠিক হয়েছে। যদি সত্যিই ঠিক হয়ে থাকে, তাহলে বোর্ড আনুষ্ঠানিকভাবে জানাক—আমি কোনো অপরাধ করিনি। এরপরই মাঠে ফিরব।’

কথায় ছিল ক্ষোভের ঝাঁজ। বিজয় বলেন, ‘আমি যদি কোনো ভুল করে থাকি, প্রমাণ দেখান। না করলে সবার সামনে বলুন, বিজয় দোষী নয়। ঝুলে থাকতে ভালো লাগে না। হয় বলুন আমি করেছি, নয় বলুন করিনি। একটা স্পষ্ট সিদ্ধান্ত চাই।’

এমআই