Advertisement
Us Bangla Airlines
বাংলাদেশ সিরিজের জন্য পাকিস্তানের স্কোয়াড ঘোষণা

বাংলাদেশ সিরিজের জন্য পাকিস্তানের স্কোয়াড ঘোষণা

খেলা ডেস্ক

০৪ মার্চ ২০২৬, ১৬:৩৩

চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। নতুন সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ৫০ ওভারের এই সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। তবে দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ ব্যাটার বাবর আজম।

১১ থেকে ১৫ মার্চ পর্যন্ত তিন ম্যাচের এই সিরিজ অনুষ্ঠিত হবে। সিরিজের প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এখনই দল গোছানো শুরু করেছে পাকিস্তান। ফলে বাংলাদেশ সিরিজে অনভিষিক্ত ছয় ক্রিকেটারকে নিয়ে মাঠে নামবে দলটি।

ঘোষিত দলে অনভিষিক্ত ছয় ক্রিকেটার হলেন—আবদুল সামাদ, মাআজ সাদাকাত, মুহাম্মদ গাজি ঘোরি, সাদ মাসুদ, শাহিবজাদা ফারহান ও শামিল হুসাইন। আন্তর্জাতিক একদিনের খেলায় এদের কারও এখনও অভিষেক হয়নি, তবে ঘরোয়া প্রতিযোগিতা ও ‘এ’ দলের খেলায় কৃতিত্ব দেখিয়েই তাঁরা জাতীয় দলে জায়গা করে নিয়েছেন।

নতুনদের মধ্যে আবদুল সামাদ, মাআজ সাদাকাত, সাদ মাসুদ ও শামিল হুসাইন সম্প্রতি আবুধাবিতে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে পাকিস্তান শাহিনসের হয়ে খেলেছেন। বাংলাদেশ সিরিজে সেই অভিজ্ঞতা কাজে লাগানোর অপেক্ষায় মুখিয়ে থাকবেন এসব তরুণ ক্রিকেটাররা।

এদিকে ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন তারকা ব্যাটার বাবর আজম। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এই ব্যাটার। মন্থর গতিতে ব্যাটিং করা নিয়ে সমালোচিত হওয়া বাবর এবার ওয়ানডে দল থেকেও জায়গা হারালেন। তবে বিশ্বকাপ দলে রিজওয়ান না থাকলেও বাংলাদেশ সিরিজে থাকছেন তিনি।

একনজরে পাকিস্তানের ওয়ানডে দল

শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসেইন তালাত, মাআজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুহাম্মদ গাজি ঘোরি (উইকেটরক্ষক), সাদ মাসুদ, শাহিবজাদা ফারহান, সালমান আলি আগা ও শামিল হুসাইন।

এমআই