নারী বিপিএলে দল কিনতে আগ্রহী দুই প্রতিষ্ঠান
খেলা ডেস্ক
০৪ মার্চ ২০২৬, ১৭:৫৩
নারীদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন দিগন্ত খুলতে যাচ্ছে বাংলাদেশ। গত মাসেই নারী বিপিএল আয়োজনের চূড়ান্ত ঘোষণা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সূচি অনুযায়ী, ৪ থেকে ১৪ এপ্রিল—তিন ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে হবে এবারের আসর।
ভেন্যু হিসেবে রাখা হয়েছে ঢাকার ঐতিহ্যবাহী শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম। দেশের দুই প্রান্তে আলো ছড়াতে প্রস্তুত নারী ক্রিকেটের নতুন মঞ্চ।
সবকিছু ঠিক থাকলে চলতি মাসের ১৪ তারিখ বসবে খেলোয়াড় বাছাই পর্ব। জাতীয় দলের তিন তারকাকে রাখা হবে ‘আইকন’ হিসেবে—তাঁরাই নেতৃত্ব দেবেন তিন দলকে। আইকন ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা।
এই তালিকায় আছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার এবং অলরাউন্ডার সোবহানা মোস্তারি। তিন তারকার কাঁধেই থাকবে তিন দলের নেতৃত্ব ও প্রত্যাশার ভার।
এদিকে সবচেয়ে বড় প্রশ্ন—তিন ফ্র্যাঞ্চাইজি কারা? সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে রংপুর রাইডার্স এবং রাজশাহী ওয়ারিয়র্স। নারী বিপিএলে দল কিনতে আগ্রহ প্রকাশ করেছে এই দুই দল। এমন তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে সব হিসাব-নিকাশ ও আলোচনা শেষ করতে চায় তারা। অন্য একটি সূত্র জানিয়েছে, আগ্রহী ফ্র্যাঞ্চাইজিগুলোর পছন্দের ভেন্যু হিসেবে রাজশাহী বা বগুড়া স্টেডিয়ামের নামও আলোচনায় আছে।
প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া নারী বিপিএল ঘিরে তাই উত্তেজনা ক্রমেই বাড়ছে। এখন দেখার অপেক্ষা, কোন তিন দল নিয়ে শুরু হয় বাংলাদেশের নারী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নতুন অধ্যায়।
এমআই