Advertisement
Us Bangla Airlines
কপাল পুড়ল রশিদের, আফগানদের নতুন অধিনায়ক যিনি

কপাল পুড়ল রশিদের, আফগানদের নতুন অধিনায়ক যিনি

খেলা ডেস্ক

০৫ মার্চ ২০২৬, ১৭:৫৮

বড় আশা নিয়ে বিশ্বকাপে পা রেখেছিল আফগানিস্তান। কিন্তু গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে রশিদ খানের দল। বিশ্বকাপের ব্যর্থতার পর এবার আফগানিস্তান ক্রিকেটে এল বড় পরিবর্তন। টি-টোয়েন্টি দলের নেতৃত্ব হারালেন তারকা লেগস্পিনার রশিদ খান। তার জায়গায় নতুন অধিনায়ক হয়েছেন ওপেনার ইবরাহিম জাদরান।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক ও টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আর সেই দলেই দেখা গেল বড় এই চমক। দলে জায়গা থাকলেও নেতৃত্বে আর রাখা হয়নি রশিদ খানকে। নেতৃত্বে পরিবর্তনের গুঞ্জন আগে থেকেই ছিল, শেষ পর্যন্ত সেটিই বাস্তবে রূপ নিল।

টি-টোয়েন্টি দলে বিশ্বকাপের স্কোয়াড থেকে বেশ কিছু পরিবর্তন এনেছে আফগানিস্তান। উইকেটরক্ষক মোহাম্মদ ইসহাকের জায়গায় সুযোগ পেয়েছেন নূর রহমান। অভিজ্ঞ অলরাউন্ডার গুলবাদিন নাইব এবং পেসার নাভিন উল হককেও রাখা হয়নি এই দলে। অভিজ্ঞ পেসার ফজলহক ফারুকিকেও রাখা হয়নি স্কোয়াডে।

স্কোয়াডে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন জিয়াউর রহমান শরিফি ও ফরিদ মালিক। একদিনের আন্তর্জাতিক দলেও রাখা হয়েছে তরুণদের। সেখানে এই তরুণদের সঙ্গে রয়েছেন বিলাল সামি। স্পিন বিভাগে রশিদ খানের সঙ্গে রাখা হয়েছে এএম গাজানফারকে, কিন্তু দলে নেই অভিজ্ঞ স্পিনার মুজিব উর রহমান।

শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের এই সিরিজ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ১৩, ১৫ ও ১৭ ফেব্রুয়ারি। এরপর একদিনের আন্তর্জাতিক সিরিজের তিন ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০, ২২ ও ২৫ ফেব্রুয়ারি।

এমআই