Advertisement
Us Bangla Airlines
বদলে যাচ্ছে ভারতের ফাইনাল ম্যাচের পিচ

বদলে যাচ্ছে ভারতের ফাইনাল ম্যাচের পিচ

খেলা ডেস্ক

০৭ মার্চ ২০২৬, ১৬:৪০

ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল ঘিরে উত্তেজনার পাশাপাশি এখন আলোচনার বড় অংশ জুড়ে রয়েছে পিচ। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রোববার যে উইকেটে ফাইনাল অনুষ্ঠিত হবে, সেটি অনেকটা দ্বিতীয় সেমিফাইনালের পিচের মতোই হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দ্বিতীয় সেমিফাইনাল হয়েছিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ম্যাচের আগে সবুজ আভাযুক্ত উইকেট দেখে অনেকেরই ধারণা ছিল, বোলারদের জন্য সহায়ক হবে পিচটি। কিন্তু ম্যাচে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন দৃশ্য। ব্যাটারদের দাপটে দুই দল মিলিয়ে ওঠে রেকর্ড ৪৯৯ রান।

আহমেদাবাদের ফাইনালের পিচেও পেস ও বাউন্সের প্রভাব থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে পেসাররা কিছুটা বাড়তি সুবিধা পেতে পারেন, আর স্পিনারদের জন্য টার্ন তুলনামূলক কম থাকতে পারে।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, প্রথাগত পিচের পরিবর্তে ফাইনালের জন্য যে সেন্টার পিচটি বেছে নেওয়া হয়েছে সেটি লাল ও কালো মাটির মিশ্রণে তৈরি। এমন উইকেটে সাধারণত বল বেশি বাউন্স করে এবং গতি বজায় থাকে। এ ধরনের পিচে গড় স্কোর প্রায় ২০০ রানের কাছাকাছি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চলতি টি–টোয়েন্টি বিশ্বকাপে এই পিচে এখন পর্যন্ত হয়েছে মাত্র একটি ম্যাচ। গত ৯ ফেব্রুয়ারি এখানে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও কানাডা। আগে ব্যাট করে ২১৩ রান তোলে দক্ষিণ আফ্রিকা, পরে ৫৩ রানে জয় পায় তারা। এবারের আসরে এই মাঠে নিউজিল্যান্ড খেলেছে একটি ম্যাচ, আর ভারত খেলেছে দুটি ম্যাচ।

গত ১৪ ফেব্রুয়ারি গ্রুপ পর্বে লাল মাটির পিচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৭৭ রান তাড়া করে ১৭ বল হাতে রেখেই জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। এরপর ১৮ ফেব্রুয়ারি নিজেদের শেষ গ্রুপ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে আগে ব্যাট করে ১৯৩ রান তোলে ভারত এবং ১৭ রানে জেতে।

এরপর ২২ ফেব্রুয়ারি সুপার এইট পর্বে কালো মাটির পিচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৮৭ রান তাড়া করতে নেমে ৭৬ রানে হেরে যায় স্বাগতিকরা।

এমআই