বিশ্বকাপের এক ম্যাচেই দর্শক ভিউ ৬১ কোটি!
খেলা ডেস্ক
০৭ মার্চ ২০২৬, ১৭:৩৫
রানের বন্যায় ভেসেছে ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল। গত পরশু দুই দলের লড়াইয়ে স্কোরবোর্ডে জমা হয়েছিল মোট ৪৯৯ রান। একদিকে ব্যাটারদের ঝড়, অন্যদিকে ভারতের ম্যাচ। সবমিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল দর্শকের দিক থেকেও গড়েছে নতুন ইতিহাস।
ইন্টারনেটভিত্তিক সম্প্রচারমাধ্যম জিওহটস্টারে ম্যাচটি দেখা হয়েছে মোট ৬১ কোটি ৯০ লাখ বার। একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের ইতিহাসে এটিই সর্বোচ্চ ভিউয়ের রেকর্ড। ম্যাচ চলাকালে একই সময়ে এই প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন প্রায় ৬ কোটি ৫২ লাখ দর্শক।
শুধু অনলাইন নয়, টেলিভিশন সম্প্রচারসহ সব প্ল্যাটফর্ম মিলিয়ে ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচটির মোট দর্শকসংখ্যা ছাড়িয়ে গেছে ৩২ কোটিরও বেশি। সব মাধ্যমে মিলিয়ে ম্যাচটির মোট দেখার সময় ২ হাজার ৩০০ কোটি মিনিট অতিক্রম করেছে। ফলে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বেশি দেখা টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে পরিণত হয়েছে।
দর্শকের এমন বিপুল আগ্রহ নিয়ে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, ‘ভারতে শত শত মিলিয়ন ক্রিকেটপ্রেমীকে একত্র করতে টি-টোয়েন্টি বিশ্বকাপ যে ভূমিকা রাখছে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। ভারত-ইংল্যান্ড সেমিফাইনালের অসাধারণ দর্শকসংখ্যা প্রমাণ করে ক্রিকেটভক্তদের আবেগ কতটা গভীর।’
জিওস্টারের সহসভাপতি উদয় শঙ্কর বলেন, ‘এই সাফল্য আমাদের প্রযুক্তিগত ও সৃজনশীল উৎকর্ষতার প্রমাণ। সেমিফাইনাল ম্যাচটি দেখতে প্রতি তিনজন ভারতীয়ের একজন যুক্ত ছিলেন। শত শত মিলিয়ন মানুষ যখন একসঙ্গে খেলা দেখে, তখন তা নির্বিঘ্নে পৌঁছে দিতে সেরা প্রযুক্তির প্রয়োজন হয়।’
দর্শকের রেকর্ড গড়া সেই সেমিফাইনালে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠে ভারত। শিরোপার লড়াইয়ে আগামীকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে তারা। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে জিওহটস্টার ও স্টার স্পোর্টস নেটওয়ার্ক।
এমআই