Advertisement
Us Bangla Airlines
বাবর আজমের বাদ পড়ার কারণ তাহলে এই!

বাবর আজমের বাদ পড়ার কারণ তাহলে এই!

খেলা ডেস্ক

০৯ মার্চ ২০২৬, ২২:২৫

বাংলাদেশ সফরে তারুণ্যনির্ভর দল নিয়েছে পাকিস্তান। তাই অভিজ্ঞ ব্যাটার বাবর আজমকে একদিনের সিরিজে না রাখায় আলোচনা শুরু হয়েছে। তবে পাকিস্তান দলের প্রধান প্রশিক্ষক মাইক হেসন জানিয়েছেন, এটি কাউকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নয়; বরং নতুন ক্রিকেটারদের সুযোগ দেওয়ার পরিকল্পনার অংশ।

আগামী ১১ মার্চ শুরু হবে বাংলাদেশ–পাকিস্তানের তিন ম্যাচের একদিনের সিরিজ। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ ও ১৫ মার্চ। তিনটি ম্যাচই হবে ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দল ঘোষণার পর বাবর আজমকে না রাখার বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়।

এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন দলটির প্রধান কোচ মাইক হেসন। তিনি বলেন, আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে নতুন ক্রিকেটারদের পরীক্ষা করার সুযোগ খুব কম পাওয়া যায়। বাংলাদেশের বিপক্ষে এই সিরিজটি সেই সুযোগ তৈরি করেছে। কাউকে আলাদাভাবে বাদ দেওয়া হয়নি। 

তিনি আরও বলেন, ‘ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো করা কয়েকজন ক্রিকেটারকে আন্তর্জাতিক পর্যায়ে দেখার সুযোগ তৈরি হয়েছে। অনেক ক্রিকেটার দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে ভালো খেলছে এবং জাতীয় দলে সুযোগের অপেক্ষায় ছিল। এই সিরিজ তাদের জন্য নিজেদের সামর্থ্য প্রমাণ করার বড় মঞ্চ।’

এই সুযোগ পাচ্ছেন কয়েকজন তরুণ ক্রিকেটারও। তাঁদের মধ্যে আছেন শাহিবজাদা ফারহান। এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক শামিল হোসেন এবং প্রতিভাবান অলরাউন্ডার মায সাদাকাতকেও নিয়ে আশাবাদী পাকিস্তান কোচ।

অন্যদিকে সাম্প্রতিক টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের পারফরম্যান্স ভালো ছিল না। সেখানে বাবর আজমও ব্যাট হাতে বড় কোনো ইনিংস খেলতে পারেননি। তবে একদিনের ক্রিকেটে তাঁর সাম্প্রতিক পারফরম্যান্স খারাপ নয়। সবশেষ গত নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে একটি শতকসহ ভালো রান করেছিলেন তিনি।

৩১ বছর বয়সী বাবর আজম একদিনের ক্রিকেটে পাকিস্তানের অন্যতম সফল ব্যাটার। এখন পর্যন্ত ১৪০ ম্যাচে ৫৩-এর বেশি গড়ে তাঁর সংগ্রহ ৬ হাজার ৫০০-এর বেশি রান, যার মধ্যে রয়েছে ২০টি শতক ও ৩৭টি অর্ধশতক।

এমআই