স্থগিত হচ্ছে আফগান-শ্রীলঙ্কা সিরিজ
খেলা ডেস্ক
১০ মার্চ ২০২৬, ১৪:৫৩
মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির ছায়া এবার পড়ল আন্তর্জাতিক ক্রিকেটেও। যুদ্ধাবস্থার প্রভাবেই স্থগিত হতে যাচ্ছে আফগানিস্তান ও শ্রীলঙ্কার বহুল প্রতীক্ষিত দ্বিপাক্ষিক সিরিজ। সংযুক্ত আরব আমিরাতে চলতি মাসেই দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল । তবে বর্তমান পরিস্থিতিতে সেই সূচি বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়েছে।
শারজাহতে ১৩ মার্চ শুরু হওয়ার কথা ছিল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের দুটি ম্যাচ নির্ধারিত ছিল ১৫ ও ১৭ মার্চ। এরপর দুবাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ। এই ম্যাচগুলো যথাক্রমে ২০, ২২ ও ২৫ মার্চ অনুষ্ঠিত হবে বলে সূচি প্রকাশ করেছিল আফগান বোর্ড। তবে আপাতত তা ভেস্তে যাচ্ছে।
যদিও এ বিষয়ে এখন পর্যন্ত আফগানিস্তান ক্রিকেট বোর্ড কিংবা শ্রীলঙ্কা ক্রিকেট আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি। তবে আন্তর্জাতিক ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যমের সূত্র জানিয়েছে, চলমান সংকটের কারণে সংযুক্ত আরব আমিরাতে সিরিজ আয়োজন করা সম্ভব নয়, এমন মতেই একমত হয়েছে দুই বোর্ড।
বিকল্প ভেন্যুর সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু স্বল্প সময় ও নানা লজিস্টিক জটিলতার কারণে সিরিজ অন্য দেশে সরিয়ে নেওয়ার সম্ভাবনাও খুব কম। তাই আপাতত স্থগিতের দিকেই এগোচ্ছে পুরো আয়োজন। দুই দেশের ক্রিকেট বোর্ড পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন সূচি ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় তৈরি হওয়া অস্থিরতায় ইতোমধ্যেই বিমান চলাচলেও বিঘ্ন ঘটছে। এর প্রভাব পড়েছে বিভিন্ন আন্তর্জাতিক দলের সফরসূচিতেও। দক্ষিণ আফ্রিকা সফর শেষে পাকিস্তান নারী দল ডারবানে আটকে পড়ার খবর পাওয়া গেছে। একইভাবে গত সপ্তাহে ভারতে বিশ্বকাপ শেষ করে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা দলও সাময়িকভাবে আটকা পড়ে।
এদিকে চলমান যুদ্ধে সবচেয়ে বেশি হামলার শিকার হয়েছে সংযুক্ত আরব আমিরাত। ইরানের ছোড়া ক্ষেপনাস্ত্র ও অত্যাধুনিক যুদ্ধ সরাঞ্জমে দেশটিতে একাধিক বিদেশি নাগরিকও নিহত হয়েছে, পাশাপাশি আহত হয়েছে শতাধিক। এমন অবস্থায় দেশটিতে সিরিজ আয়োজনে পিছিয়ে যাচ্ছে আফগান ক্রিকেট বোর্ড।
এমআই