Advertisement
Us Bangla Airlines
সূর্য-হার্দিকদের আইসিসি থেকেও বেশি টাকা দেবে বিসিসিআই

সূর্য-হার্দিকদের আইসিসি থেকেও বেশি টাকা দেবে বিসিসিআই

খেলা ডেস্ক

১০ মার্চ ২০২৬, ১৫:১১

ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। এই জয়ের মধ্য দিয়ে তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তোলে ম্যান ইন ব্লু, আর প্রথম দল হিসেবে ধরে রাখে টি-টোয়েন্টি বিশ্বকাপের মুকুট। বিশ্বজয়ের উল্লাসে ভাসতে থাকা ভারতীয় ক্রিকেটারদের জন্য এবার বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

বোর্ড জানিয়েছে, অধিনায়ক সূর্যকুমার যাদব ও তার সতীর্থদের জন্য মোট ১৩১ কোটি রুপি পুরস্কার দেওয়া হবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৭৪ কোটি টাকা। যেখানে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় আইসিসি থেকে ১৬০ কোটি টাকা পেয়েছিল ভারত। অর্থাৎ আইসিসি থেকে পাওয়া প্রাইজমানির চেয়েও বেশি অর্থ পাচ্ছে দেশটি।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়েই শিরোপা নিশ্চিত করে ভারত। দারুণ এই জয়ে শুধু ট্রফিই নয়, ইতিহাসও নিজেদের করে নেয় তারা। কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা টানা দুইবার ধরে রাখার কীর্তি এর আগে কোনো দল গড়তে পারেনি।

ঐতিহাসিক এই সাফল্যের পর এক বিবৃতিতে বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া খেলোয়াড়, কোচিং স্টাফ ও নির্বাচকদের অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতেও দলের এমন ধারাবাহিক সাফল্য বজায় থাকবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

এর আগে ২০২৪ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভারতীয় দলকে ১২৫ কোটি রুপি পুরস্কার দিয়েছিল বোর্ড। এবার সেই অঙ্ক বাড়িয়ে করা হয়েছে ১৩১ কোটি রুপি।

এমআই