Advertisement
Us Bangla Airlines
৭৮০ ছক্কা ও রেকর্ড প্রসবের বিশ্বকাপ

৭৮০ ছক্কা ও রেকর্ড প্রসবের বিশ্বকাপ

খেলা ডেস্ক

১০ মার্চ ২০২৬, ১৭:৪৯

ব্যাটের ঝড়, ছক্কার বৃষ্টি আর রেকর্ডের মিছিল—সব মিলিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ যেন নতুন ইতিহাসের কারখানা। টুর্নামেন্টজুড়ে ব্যাটারদের দাপটে একের পর এক পুরোনো কীর্তি ভেঙে গড়েছে নতুন মাইলফলক। টুর্নামেন্ট শেষে ভারত চ্যাম্পিয়ন হলেও রেকর্ডে নাম লিখিয়েছে অধিংকাশ। অবশ্য টানা দুইবার বিশ্বকাপ জিতে রেকর্ডের ভাগিদার ভারতও।

বিশ্বকাপে সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছেন পাকিস্তানের ওপেনার শাহিবজাদা ফারহান। পুরো আসরে ৩৮৩ রান করে তিনি গড়েছেন এক বিশ্বকাপে সর্বাধিক রানের নতুন রেকর্ড। এর আগে ২০১৪ সালের বিশ্বকাপে ৩১৯ রান করে এই কীর্তি ছিল ভারতের বিরাট কোহলির দখলে। এবার বিরাটকে টপকে শীর্ষে ওঠলেন তিনি।

ফারহান শুধু রানেই থামেননি। এক বিশ্বকাপে একাধিক সেঞ্চুরি করার প্রথম কীর্তিটিও গড়েছেন তিনি। তার ধারাবাহিক পারফরম্যান্স পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে দিয়েছে অন্য মাত্রা।

রানের তালিকায় উজ্জ্বল ছিলেন আরও দুই তারকা। নিউজিল্যান্ডের টিম সাইফার্ট করেছেন ৩২৬ রান, আর ভারতের সঞ্জু স্যামসনের সংগ্রহ ৩২১ রান। দুজনেই ছাড়িয়ে গেছেন কোহলির আগের ৩১৯ রানের রেকর্ড। অর্থাৎ এক যুগের কোহলির রেকর্ডটি এবার টপকেছেন বিশ্বের তিন ব্যাটার।

ছক্কার হিসাবেও এবারের বিশ্বকাপ ছিল একেবারেই আলাদা। এক আসরে সবচেয়ে বেশি ছক্কার নতুন রেকর্ড গড়েছেন ভারতের সঞ্জু স্যামসন। পুরো টুর্নামেন্টে তার ব্যাট থেকে এসেছে ২৪টি ছক্কা। এর আগে ২০২৪ সালে ১৭ ছক্কা মেরে রেকর্ডটি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান।

দলগত ছক্কার ক্ষেত্রেও ইতিহাস লিখেছে ভারত। প্রথম দল হিসেবে এক বিশ্বকাপেই ছক্কার সেঞ্চুরি পূর্ণ করেছেন ভারতীয় ব্যাটসম্যানরা। এবারের বিশ্বকাপে মোট ১০৬টি ছক্কা হাঁকিয়েছেন তারা। দ্বিতীয় সর্বোচ্চ ৭৬ ছক্কা এসেছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাট থেকে, সেটিও এই আসরেই।

শুধু ছক্কাই নয়, বড় স্কোরের বন্যাও বইয়ে দিয়েছে এবারের আসর। পুরো টুর্নামেন্টে ১৪ বার দলীয় স্কোর দুই শতক পেরিয়েছে, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন রেকর্ড। এর আগে ২০০৭ সালের বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচটি ইনিংসে দলীয় স্কোর ২০০ ছাড়িয়েছিল।

ব্যাটারদের আধিপত্যের আরেক প্রমাণ সেঞ্চুরির সংখ্যাও। এবারের বিশ্বকাপে হয়েছে সাতটি শতক, যেখানে এর আগে কোনো টি–টোয়েন্টি বিশ্বকাপে দুটির বেশি সেঞ্চুরি দেখা যায়নি।

জুটির রেকর্ডও টিকতে পারেনি। টুর্নামেন্ট চলাকালেই দুবার ভেঙেছে সর্বোচ্চ রানের জুটির কীর্তি। শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের দুই ওপেনার ফখর জামান ও শাহিবজাদা ফারহান গড়েন ১৭৬ রানের জুটি। এতে ভেঙে যায় ১৮ দিন আগে গড়া নিউজিল্যান্ডের ফিন অ্যালেন ও টিম সাইফার্টের করা অবিচ্ছিন্ন ১৭৫ রানের জুটির রেকর্ড।

এর আগে সর্বোচ্চ রানের জুটি ছিল অবিচ্ছিন্ন ১৭০, যা ২০২২ সালের বিশ্বকাপে করেছিলেন ইংল্যান্ডের জস বাটলার ও অ্যালেক্স হেলস। উল্লেখযোগ্য বিষয় হলো, সর্বোচ্চ তিনটি জুটিই এসেছে প্রথম উইকেটে। সব মিলিয়ে এবারের বিশ্বকাপ যেন ব্যাটারদের উৎসব। পুরো টুর্নামেন্টে মোট ৭৮০টি ছক্কা হয়েছে, টি–টোয়েন্টি বিশ্বকাপে এত ছক্কা আগে দেখা যায়নি।

এমআই