Advertisement
Us Bangla Airlines
শুরুর আগেই ধাক্কা, পিছিয়ে গেল নারী বিপিএল

শুরুর আগেই ধাক্কা, পিছিয়ে গেল নারী বিপিএল

খেলা ডেস্ক

১১ মার্চ ২০২৬, ২১:৫৪

প্রথমবারের মতো নারী ক্রিকেটারদের নিয়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে সূচি অনুযায়ী এপ্রিলে শুরু হচ্ছে না নারী বিপিএল। একটি ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত না হওয়ায় টুর্নামেন্টের সময় পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

আগামী ৪ থেকে ১৪ এপ্রিল তিনটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে নারী বিপিএল আয়োজনের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু সবকটি দল চূড়ান্ত না হওয়ায় সেই পরিকল্পনা আপাতত স্থগিত রাখতে হচ্ছে। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, এপ্রিলের পরিবর্তে টুর্নামেন্টটি এখন জুলাইয়ে আয়োজনের পরিকল্পনা করছে কর্তৃপক্ষ।

এ পর্যন্ত নারী বিপিএলের দুটি দলের নাম চূড়ান্ত হয়েছে—রাজশাহী ওয়ারিয়র্স এবং চিটাগং পাইরেটস। পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি কেনার আগ্রহ প্রকাশ করেছিল রংপুর রাইডার্সও। তবে তিনটি দল নিশ্চিত না হওয়ায় টুর্নামেন্টের সূচি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা ভাবছে আয়োজকরা।

ভেন্যু নিয়েও আগে থেকেই পরিকল্পনা ছিল বিসিবির। শুরুতে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের নাম শোনা গেলেও পরে তালিকায় যুক্ত হয় বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। এমনকি উদ্বোধনী ম্যাচটি বগুড়াতেই আয়োজনের পরিকল্পনাও ছিল।

নারী বিপিএলে তিনটি ফ্র্যাঞ্চাইজির জন্য তিনজন আইকন ক্রিকেটারও নির্ধারণ করা হয়েছিল। জাতীয় দলের এই তিন তারকা নিজেদের দলকে নেতৃত্ব দেওয়ার কথা। আইকন ক্রিকেটারদের পারিশ্রমিক সর্বোচ্চ ১০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এই তালিকায় রয়েছেন নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার ও সোবহানা মোস্তারি।

সবকিছু ঠিকঠাক হলে নতুন সূচি অনুযায়ী বছরের মাঝামাঝি সময়ে মাঠে গড়াতে পারে দেশের প্রথম নারী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট।

এমআই