আইনি নোটিশ পাঠালেন পাকিস্তানি ক্রিকেটার
খেলা ডেস্ক
১২ মার্চ ২০২৬, ২২:২৬
পাকিস্তানের ফাস্ট বোলার সালমান মির্জার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত বিশ্বকাপ চলাকালে এক নারীর সঙ্গে অসদাচরণের অভিযোগ ওঠে। তবে সেই অভিযোগ পুরোপুরি অস্বীকার করে সংবাদমাধ্যমটির বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন পাকিস্তানি এই পেসার।
প্রতিবেদনে দাবি করা হয়েছিল, মির্জার আচরণে অসন্তুষ্ট হয়ে হোটেল কর্তৃপক্ষ নাকি টিম ম্যানেজমেন্টের কাছে আনুষ্ঠানিক অভিযোগও দায়ের করেছিল। পাশাপাশি আচরণবিধি ভঙ্গের কারণে তাকে জরিমানাও করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
তবে এসব তথ্যকে ‘মিথ্যা, বিদ্বেষপূর্ণ ও মানহানিকর’ বলে দাবি করেছেন মির্জা। তার পাঠানো আইনি নোটিশে বলা হয়েছে, পিসিবি তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশ্যে অভিযোগগুলো অস্বীকার করেছে এবং প্রতিবেদনে দেওয়া তথ্যকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে।
নোটিশে আরও দাবি করা হয়েছে, এমন কোনো ঘটনা ঘটেনি এবং মির্জার ওপর কোনো জরিমানাও আরোপ করা হয়নি। যাচাই-বাছাই ছাড়াই প্রতিবেদন প্রকাশের কারণে তার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে পিসিবি ও পাকিস্তান দলের ভাবমূর্তিও।
এছাড়া প্রতিবেদনে বাঁহাতি এই পেসারকে অপেশাদার ও অসম্মানজনকভাবে উপস্থাপন করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। এতে সাধারণ মানুষ ও ক্রিকেট মহলের চোখে তার মর্যাদা কমেছে বলে উল্লেখ করা হয় নোটিশে।
১৭টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলা মির্জা নিজের সুনাম রক্ষায় আইনি প্রতিকার চাইছেন। অভিযোগের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে এক পোস্টে মির্জা লিখেছেন, যাচাই না করা তথ্য প্রচার করা দায়িত্বহীন সাংবাদিকতার উদাহরণ এবং তিনি এ ধরনের ‘সস্তা সাংবাদিকতা’র তীব্র নিন্দা জানান।
এদিকে পিসিবিও এই অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছে এবং খেলোয়াড়ের পাশে থাকার কথা জানিয়েছে। বোর্ডের পক্ষ থেকে সংশ্লিষ্ট সাংবাদিকের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। বিষয়টির সন্তোষজনক সমাধান না হলে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে তারা।
এমআই