এফডিআর ভেঙে খাওয়ার ব্যাখ্যা দিল বিসিবি
খেলা ডেস্ক
১৩ মার্চ ২০২৬, ১৯:২৭
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আর্থিক অবস্থা নিয়ে সাম্প্রতিক সময়ে ক্রিকেট অঙ্গনে একটি গুঞ্জন ছড়িয়ে পড়ে। বোর্ড নাকি ফিক্সড ডিপোজিট রিসিপ্ট (এফডিআর) ভেঙে দৈনন্দিন খরচ চালাচ্ছে। তবে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বোর্ডের দাবি, এমন খবর পুরোপুরি ভিত্তিহীন ও অসত্য।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, কিছু গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে বোর্ডের খরচ মেটাতে এফডিআর থেকে অর্থ ব্যবহার করা হচ্ছে। এই দাবিকে সরাসরি খণ্ডন করেছে বিসিবি। বোর্ডের ভাষ্য, তাদের আর্থিক কার্যক্রম স্বাভাবিক নিয়মেই পরিচালিত হচ্ছে এবং এফডিআর ভেঙে খরচ চালানোর কোনো প্রশ্নই ওঠে না।
বিবৃতিতে আরও বলা হয়, বোর্ডের নির্ধারিত নিয়ন্ত্রণ কাঠামোর মধ্যেই সব ধরনের আর্থিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। বাণিজ্যিক চুক্তি, ক্রিকেট আয়োজন এবং অন্যান্য বৈধ রাজস্ব উৎস থেকে আসা আয় দিয়েই বিসিবির সব কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফলে আর্থিক স্থিতিশীলতায় কোনো ধরনের সংকট নেই বলে দাবি করেছে বোর্ড।
বিসিবি আরও জানিয়েছে, বিদ্যমান সম্পদ দিয়েই সব ধরনের আর্থিক দায়বদ্ধতা সামাল দেওয়ার সক্ষমতা তাদের রয়েছে। তাই কোনো তথ্য প্রচারের আগে যথাযথভাবে সত্যতা যাচাই করার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে তারা।
সম্প্রতি সাবেক বোর্ড পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া দাবি করেছিলেন, বিসিবি এফডিআর ভেঙে খরচ চালাচ্ছে। এরপর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। সেই গুঞ্জনের প্রেক্ষিতেই এবার আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান স্পষ্ট করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এমআই