পাওয়ার প্লেতে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড গড়লেন তানজিদ তামিম
খেলা ডেস্ক
১৫ মার্চ ২০২৬, ১৬:৩০
বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে পাওয়ার প্লেতে ছক্কার নতুন রাজা এখন তানজিদ হাসান তামিম। আগ্রাসী ব্যাটিংয়ে নতুন বলের বোলারদের ওপর ঝড় তোলা এই ওপেনার গড়েছেন দেশের ক্রিকেটে নতুন এক রেকর্ড। পাকিস্তানের বিপক্ষে আজ পাওয়ার প্লেতে দুই ছক্কা হাঁকিয়ে নতুন রেকর্ডের খাতায় নাম লেখান তিনি।
ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৩১ ম্যাচ খেলছেন তানজিদ তামিম। যেখানে পাওয়ার প্লেতে ব্যাটিং করতে নেমে এখন পর্যন্ত ১৭টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। অবিশ্বাস্য বিষয় হলো, মাত্র ৪৮১ বল খেলেই এই কীর্তি গড়ে ফেলেছেন তরুণ এই ওপেনার। ফলে এই তালিকার শীর্ষে উঠে এসেছেন তিনি।
রেকর্ডের শীর্ষ তালিকায় তানজিদ নাম লেখায় দ্বিতীয় স্থানে নেমেছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস। পাওয়ার প্লেতে এখন পর্যন্ত ১৬টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তবে এর জন্য লিটনকে খেলতে হয়েছে ১৪৫১ বল। তৃতীয় স্থানে থাকা তামিম ইকবাল পাওয়ার প্লেতে হাঁকিয়েছেন ১৫টি ছক্কা, যা এসেছে ৩৩৮৭ বল খেলে।
এছাড়া চতুর্থ স্থানে আছেন সৌম্য সরকার, যিনি ১১২৪ বল খেলে মেরেছেন ১৪টি ছক্কা। আর পঞ্চম স্থানে থাকা ইমরুল কায়েস পেয়েছেন ১১টি ছক্কা, খেলেছেন ৯৪৩ বল।
নতুন বলে আক্রমণাত্মক ব্যাটিং করে দ্রুত রান তোলার ক্ষেত্রে ইতোমধ্যেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তানজিদ তামিম। আর পাওয়ার প্লেতে সর্বোচ্চ ছক্কার এই রেকর্ড যেন তার সেই দাপুটে ব্যাটিংয়েরই প্রতিফলন। এবার ধারাবাহিকতা রক্ষা করতে পারলে সবচেয়ে লাভবান হবে বাংলাদেশ।
এমআই