‘মোস্তাফিজকে স্যালুট দেওয়া উচিত’
খেলা ডেস্ক
১৬ মার্চ ২০২৬, ১৫:৫১
পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে নাটকীয় এক জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। ম্যাচের শেষ বল পর্যন্ত টানটান উত্তেজনায় ভরা লড়াইয়ে শেষ হাসি হাসে টাইগাররা। আর সেই জয়ের পেছনে সাহসিকতার এক অনন্য উদাহরণ হয়ে থাকলেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। তাতে ম্যাচ শেষে মিরাজ বললেন, ‘মোস্তাফিজকে স্যালুট দেওয়া উচিত।’
ম্যাচের ৪৯তম ওভারেই জমে ওঠে নাটক। শেষের আগের ডেলিভারিতে শাহীন আফ্রিদির জোরালো শটে বল সজোরে গিয়ে লাগে মোস্তাফিজের হাঁটুতে। সঙ্গে সঙ্গেই ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরিস্থিতি দেখে উদ্বেগ ছড়িয়ে পড়ে মাঠে। এমনকি স্ট্রেচারও আনা হয়েছিল। তখন মনে হচ্ছিল, হয়তো ওভারটা শেষ করতে পারবেন না বাংলাদেশের এই পেসার।
কিন্তু সেখানেই দেখা যায় তার অদম্য মানসিকতা। প্রাথমিক চিকিৎসা নিয়ে আবার দাঁড়িয়ে যান মোস্তাফিজ। এরপর শেষ বলটি নিজেই করতে চান। ম্যাচ শেষে সেই মুহূর্তের কথা জানাতে গিয়ে মিরাজ বলেন, ‘মোস্তাফিজ অনেক ব্যথা পেয়েছিল। আমি তখন চিন্তায় পড়ে গিয়েছিলাম, শেষ বলটা কাকে দিয়ে করাব। কিন্তু ফিজ বলল, যা-ই হোক শেষ বলটা সেই করবে।’
শেষ পর্যন্ত সেই বলেই হারিস রউফকে ফিরিয়ে দেন মোস্তাফিজ। ওভার শেষ করেই মাঠ ছাড়েন তিনি। এরপর শেষ ওভারে রিশাদ হোসেন নিয়ন্ত্রিত বোলিং করে ম্যাচটি বাংলাদেশের পক্ষে নিয়ে আসেন। শেষ পর্যন্ত ১১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
মোস্তাফিজের চোট নিয়েও ম্যাচ শেষে কথা বলেন অধিনায়ক। মিরাজ জানান, ‘আলহামদুলিল্লাহ, এখন অনেকটাই ভালো আছে। পায়ে একটু চোট লেগেছে। বলটা খুব জোরে লেগেছিল। তবে মোস্তাফিজের লড়াকু মানসিকতার জন্য তাকে স্যালুট দেওয়া উচিত।’
দলের জয়ে স্বস্তি প্রকাশ করে মিরাজ বলেন, ‘বাংলাদেশ জিতলে অবশ্যই ভালো লাগে। হারলে সবার মন খারাপ থাকে। আপনারা সবাই জানেন এই সিরিজটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। বিশ্বকাপে কোয়ালিফাইয়ের ব্যাপার আছে, তাই প্রতিটি সিরিজই গুরুত্বপূর্ণ। সিরিজ জিততে পেরে ভালো লাগছে।’
ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে বল হাতে বড় অবদান রাখেন মোস্তাফিজ। প্রথমে প্রতিরোধ গড়া আব্দুল সামাদকে ফিরিয়ে দেন, পরে সালমান আগার সঙ্গে গড়ে ওঠা সাদ মাসুদের জুটিও ভাঙেন। শেষ পর্যন্ত ১০ ওভারে ৫৪ রান দিয়ে ৩ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই বাঁহাতি পেসার।
এমআই